২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বক্তব্য প্রচারে আইনি লড়াই: ফখরুল

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 02:25 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আট বছর ধরে লন্ডনে বসবাসরত তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা ‘প্রত্যাহার’ করা হয়েছে দাবি করে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০১৪ সালে লন্ডনে কয়েকটি দলীয় সভায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্যে সমালোচনার মুখে পড়েন তারেক রহমান। এ প্রেক্ষাপটে এক রিট আবেদনে সাড়া দিয়ে ২০১৫ সালের জানুয়ারিতে পলাতক থাকা অবস্থায় তারেকের বক্তব্য বিবৃতি সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট।

রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এ নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সেটা আসেনি। আমরা এবার চেষ্টা করব- ইন্টারপোলের এই ফাইন্ডিংসের পরে আমরা নতুন করে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। তার বক্তব্য যাতে প্রচার করা যায়, সে বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব।”

তারেক রহমানকে পলাতক দেখিয়ে বাংলাদেশ সরকারের পক্ষে পুলিশ যেসব তথ্য পাঠায় ইন্টারপোল তার ‘সত্যতা খুঁজে পায়নি’ বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, “ইন্টারপোল তাদের নিজস্ব পদ্ধতিতে জনাব তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের সরবরাহ করা তথ্য যাচাই করার পর কোনো সত্যতা না পাওয়ায় এবং বিষয়টি তাদের আর্টিকেল ৩ ধারার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় রেড নোটিস প্রত্যাহার করে নিয়েছে।

“একই সঙ্গে ইন্টারপোল সদরদপ্তর তার (তারেক রহমান) সম্পর্কে বাংলাদেশ সরকারের দেওয়া সকল তথ্য বাতিল করে দিয়েছে।”

তারেক রহমানকে ‘নিরাপরাধ ও জনপ্রিয় রাজনীতিবিদ’ দাবি করে তাকে ‘মিথ্যা মামলা’ দিয়ে ‘হয়রানি না করার’ জন্য সরকারেরর প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ফখরুল বলেন, “গত ১৪ মার্চ কমিশন ফর দ্য কনট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর পক্ষ থেকে লন্ডনের স্বনামখ্যাত লিগ্যাল ফার্ম ‘লন্ডনিয়াম সলিসিটর্স’ ফার্মকে লিখিতভাবে  রেড নোটিশ থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার্সের কমিশন ফর কনট্রোল অব ইন্টাপোলস ফাইলসের এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সকল তথ্য প্রমাণ এবং তার রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষন করে দেখা যায়, কোনোভাবেই তার নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না।”

এরপরই জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সকল তথ্য ‘মুছে ফেলেছে’ বলে ফখরুলের দাবি।

“শুধু তাই নয়, এই আন্তর্জাতিক সংস্থাটি (ইন্টারপোল) বিভিন্ন দেশে অবস্থিত তাদের সকল সার্ভার ও ডাটাবেইজ থেকেও এই তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে।”

তারেক রহমানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ২১ অগাস্ট গ্রেনেড মামলায় জড়ানো হয়েছে দাবি করে ফখরুল বলেন, “আওয়ামী লীগ দলীয় সমর্থক, সংসদ সদস্য প্রার্থী ও সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে দিয়ে পুনঃতদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

“এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে পলাতক দেখিয়ে পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলে মিথ্য ও বিভ্রান্তিকর তথ্য সরবারহ করা হয়।”

তার প্রেক্ষিতে ২০১৫ সালের ১৪ এপ্রিল ইন্টারপোল তারেক রহমানের নামে রেড নোটিস জারি করে বলে জানান ফখরুল। ওই নোটিসের যৌক্তিকতা নিয়ে তারেকের পক্ষে লন্ডনিয়াম সলিসিটর্স ফার্ম ইন্টারপোল সদর দপ্তরে আপিল করে।

এ বিষয়ে সরকারের সমালোচনা করে বিএনপি নেতা ফখরুল বলেন, “তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই ( সরকার) মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা।”

মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “সরকারপক্ষ আদালতের সেই রায়কে মেনে না নিয়ে বরং ওই বিচারকের বাড়ি-ঘর ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করে। এভাবে সরকার একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় এবং হয়রানি করার চেষ্টা চালালেও বার বার আদালতে এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।”

তারেক রহমান কবে দেশে ফিরবেন জানতে চাইলে ফখরুল বলেন, “এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর। তারেক রহমান সুস্থ হলে অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন।

“এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। তিনি রাজনৈতিক নেতা তার চিকিৎসকরা যখনই বলবেন- তিনি ফিট, তখনই তিনি দেশে ফিরে আসবেন।”

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন।