স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি।
শনিবার বিকাল সাড়ে ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর দিয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন,“আজ ৪৫ বছর পরে এখনো আমাদের গণতন্ত্রের জন্য চিৎকার করতে হচ্ছে। আমাদের ছেলেরা প্রাণ দিচ্ছে গণতন্ত্রের জন্য, মা-বোনদের নিরাপত্তা নেই, গোটা সমাজে মানুষের কোনো নিরাপত্তা নেই।
“আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেডে নেওয়া হয়েছে। ১৯৭১ সালে যে চেতনা ও গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আজকে তা অনুপস্থিত। সেই চেতনাকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ সকলকে ছোট-খাটো ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।”
শোভাযাত্রার সামনের অংশ যখন মালিবাগের মোড়ে তখন নয়া পল্টনের কার্যালয় পেরোচ্ছিল শেষ ভাগ।
মালিবাগে শোভাযাত্রা শেষ করে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই,বাকশালী শাসন চলছে। আজ কথা বলার স্বাধীনতা নেই। এই অবস্থা থেকে উত্তরণে শহীদ জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে শরিক হতে হবে। এটাই হোক স্বাধীনতা দিবসের আজকের শপথ।”
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি।
এরপর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
