২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কমিটি ঘোষণা ‘অচিরেই’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অচিরেই শিগগিরই নতুন নির্বাহী কমিটি ঘোষণা করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 12:14 PM

কাউন্সিলের দুদিন পর আগের পদ নিয়েই সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

গত শনিবার অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ কাউন্সিলে কাউন্সিলরা চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের পদে খালেদা ও তারেক রহমানকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপাসনকে দেয়। 

ফখরুল বলেন, “যত শিগগির সম্ভব তিনি (খালেদা) এই কমিটি ঘোষণা করবেন। অতি অল্প সময়ের মধ্যে করবেন।”

কাউন্সিল হলেও খালেদার হাতে কমিটি গঠনের ভার থাকায় বিএনপিতে গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। 

এই বিষয়ে ফখরুল বলেন, “এই নিয়ে ভুল ব্যাখ্যার কোনো অবকাশ নেই্। এই এখতিয়ার কাউন্সিল তাকে দিয়েছে। কাউন্সিল তাকে ক্ষমতা দিয়েছে।”

এবারের কাউন্সিলে বিএনপিতে এক ব্যক্তির একাধিক পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলররা।

ফখরুল বলেন, “আমরা সবাই, যাদের যদি দ্বিতীয় পদ আছে, তারা পদত্যাগ করব।”

তবে জরুরি প্রয়োজনে চেয়ারপারসন চাইলে যে কাউকে অতিরিক্ত পদে রাখতে পারেন, বলেন তিনি। 

“যেমন ধরেন, ঢাকা মহানগরে বিএনপির এখন একটা কমিটি আছে। এখন আমরা যদি মনে করি, এটাকে দুই ভাগ করব। তাহলে দুই ভাগ হতে পারে। তখন যদি এখানে কাউকে দায়িত্ব দিতে চান, যিনি অলরেডি স্থায়ী কমিটি বা ভাইস চেয়ারম্যান পদে আছেন, তাকে সাময়িকভাবে সেই দায়িত্ব দিতে পারেন।”

“জরুরি প্রয়োজনে চেয়ারপারসন ব্যতিক্রম কিছু করতে পারেন। ওই ক্ষমতাটাকে তাকে দেওয়া হয়েছে।”

ডেইলি স্টারের খবর ‘ঠিক নয়’

কাউন্সিলে খালেদা জিয়ার উপস্থাপিত ‘ভিশন-২০৩০’ এর খসড়া প্রস্তাব প্রণয়নে দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে ডেইলি স্টারের খবর নাকচ করেছেন বিএনপির মুখপাত্র ফখরুল।

“ডেইলি স্টার জানে না। ডেইলি স্টারের এটি সঠিক রিপোর্ট নয়,” বলেন তিনি।

এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “ওই পত্রিকা জানে না। বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার যদি আমাদের চেয়ে বেশি জানে, তাহলে তো মুশকিলের ব্যাপার।”

সংবাদ সম্মেলনে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ১৪ দফা প্রস্তাব ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়।

বিদ্যমান গঠনতন্ত্রে ‘এক ব্যক্তির এক পদ’ সহ সাংগঠনিক কাঠামোতে বিভিন্ন পদের সংখ্যা বৃদ্ধি, ‘ক্ষুদ্র ঋণ বিষয়ক’ নতুন সম্পাদকীয় পদ সৃষ্টি, বিশেষ উপ-কমিটি গঠন, চেয়ারপারসনের কার্যালয়ের অধীনে রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা সেল ও মিডিয়া উইং গঠনসহ নানা সংশোধনী উপস্থাপন করা হয়।

নজরুল ইসলাম বলেন, “এবার গঠনতন্ত্র সংশোধনে বলা হয়েছে যে, দলের সকল পর্যায়ের কমিটিতে নারীদের সংখ্যা কমপক্ষে ১০%  হবে। এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে হবে। যাতে করে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশে উন্নীত করা যায়।”