২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বিভিন্ন স্থানে শাসকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

রোববার দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজ যে ১০টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগের সন্ত্রীসীদের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে।

“অস্ত্রবাজি করে তারা প্রায় সকল কেন্দ্র দখলে নিয়ে একতরফাভাবে ব্যালটে সিল মারছে বলে আমাদের কাছে খবর এসেছে। প্রশাসনকে এসব বিষয় জানালেও তারা তা আমলে না নিয়ে নিশ্চুপ বসে আছে।”

দ্বিতীয় ধাপে রোববার রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠী সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ভোট হয়েছে।

চকরিয়া, সোনাগাজী ও ব্রাক্ষণবাড়ীয়া সদরে কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ব্যালটে সিল মেরেছে এমন অভিযোগ তুলে রিজভী বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে আমাদের প্রার্থীরা জানিয়েছেন। প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে।

“ক্ষমতার কাছে, সুবিধাবাদের কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে বলেই আজকে নির্বাচনী ব্যবস্থা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন সকল নির্বাচনেই অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।”

বিএনপির ষষ্ঠ কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই আয়োজনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলে রিজভী জানান।

জাতীয় কাউন্সিলের আমন্ত্রণ কার্ড দেওয়া হয়নি বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে মন্তব্য করেছেন, তাকে ‘অসত্য’ বলেন তিনি।

রিজভী বলেন, “গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে উনাকে কার্ড দেওয়া হয়নি। এটা দুঃখজনক। আমার মনে হয়, তার মতো একজন জাতীয় নেতা অসত্য কথা বলেছেন।

“আমাদের দলের সমাজকল্যাণ সম্পাদক সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নামে আমন্ত্রণ কার্ড দিয়ে এসেছিলেন। এটার সাক্ষী গণমাধ্যম।”