বিএনপির কাউন্সিলে যানজটের দুর্ভোগ
বিএনপির জাতীয় কাউন্সিলের কারণে ছুটির দিনেও যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীর শাহবাগ হতে মৎস্য ভবন সড়ক ব্যবহারকারীদের।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল উদ্বোধন হতে দুপুর লেগে গেলেও সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করলে সড়কে গাড়ি চলাচলের পথ সীমিত হয়ে পড়ে।
জটে আটকে পড়া অটোরিকশাচালক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করে এই রাস্তায় ঢুকে পড়ছি। এখন বের হতে পারতেছি না। স্টার্ট বন্ধ করেই তো আধ ঘণ্টা বইসা রইছি।”
এই যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদেরও বিড়ম্বনায় পড়তে দেখা যায়।
পরে মৎস্য ভবন থেকে শাহবাগ-কাঁটাবনগামী গাড়িগুলোকে অন্য সড়ক গিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে মূল অনুষ্ঠান হলেও কাউন্সিলে সারাদেশ থেকে আসা প্রতিনিধি-পর্যবেক্ষকদের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহার করেছিল বিএনপি।
তবে স্থান সঙ্কুলান না হওয়ায় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা গেছে। সেজন্য আবার সরকারকেই দায়ী করেছেন কর্মীরা।
নারায়ণগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী আতিকুর রহমান টোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত কম জায়গাতে এত বেশি মানুষ কীভাবে ধরবে? পুরো সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে দিলে কী হত?
“বিশৃঙ্খলার জন্য আমি সরকারকে দায়ী করবো। তারা তো বিএনপিকে কাউন্সিল করার অনুমতিই দিতে চায় নাই।”
রমনা ফুটওভার ব্রিজের উপরে উঠে অবস্থান নিয়েও খালেদা জিয়ার বক্তব্য শুনতে দেখা গেছে অনেককে।
কাউন্সিলের মূল চত্বরে কার্ডধারী আমন্ত্রিত অতিথি ও কাউন্সিলরদের প্রবেশাধিকার থাকার কথা; কিন্তু পর্যবেক্ষকরা সেখানে ঢুকতে চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
হুড়োহুড়িতে পড়ে গিয়ে শরীরে চোট পেয়েছেন অনেকে। খালেদা জিয়া আসার পর একসঙ্গে অনেকে ঢুকতে গিয়ে মাটিতে পড়ে কাদায় মাখামাখিও হন অনেকে।
কাউন্সিলে শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের তৎপরতা তেমন দেখা যায়নি।
ছয় বছর পর সারাদেশ থেকে কাউন্সিলে আসা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিপুল উৎসাহ দেখা গেছে। কাউন্সিল এলাকা ছেয়ে যায় তাদের আনা ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে।
বর্ণিল এই আয়োজনে সামিল হয়ে নেতা-কর্মীরা নতুন কমিটির মাধ্যমে দল চাঙ্গা হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।
তাদেরই একজন কিশোরগঞ্জ থেকে আসা বিএনপির স্থানীয় নেতা গিয়াস উদ্দিন। পেশায় ব্যবসায়ী গিয়াস জেলার বারগরিয়া ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক।
এলাকা থেকে ৫টি বাসে নেতাকর্মী নিয়ে এসেছেন জানিয়ে গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউন্সিলের পরই দেশে রদ-বদলের পালা শুরু হয়ে যাবে। নতুন কমিটি হলে সবাই জেগে উঠবে, দল চাঙ্গা হবে।”
তবে ‘পুরোনো চেহারা’ নিয়ে নতুন কমিটি হলে দল চাঙ্গা কীভাবে হবে, এমন সংশয়ও আছে কারও কারও মনে।
ঢাকার তেজগাঁও থানা বিএনপির নেতা এইচ এম রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন পর কাউন্সিল হচ্ছে। নতুন কমিটিতে সিনিয়র লিডাররা থাকবেন। আশা করি, তরুণরাও এতে স্থান পাবেন।”
