খালেদার সামনে দল ‘জাগানোর’ চ্যালেঞ্জ
তিন দশক আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নেতৃত্বে আসা খালেদা জিয়া এখনও দলে ‘প্রতিদ্বন্দ্বীহীন’; ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এসে দলকে নতুন করে ‘জাগিয়ে তোলার’ চ্যালেঞ্জ তার সামনে।
নির্ধারিত সময়ের তিন বছর পর শনিবার সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে আয়োজিত এই কাউন্সিলে মিলিত হচ্ছেন।
২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর দুই দফায় সরকারবিরোধী আন্দোলনে গিয়েও সাফল্য পায়নি খালেদার দল। দশম জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি এখন সংসদের বাইরে।
এরপর স্থানীয় সরকার নির্বাচনে পরাজয়ের দায় সরকারকে দিলেও বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আক্ষেপ শোনা গেছে জ্যেষ্ঠ নেতাদের কথায়।
সেই দশা কাটিয়ে দলকে আন্দোলনের জন্য চাঙ্গা করতে খালেদা জিয়া কাদের নিয়ে কমিটি করবেন, কাদের বাদ দেবেন- সেই প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘুরছে নেতাকর্মী আর গণমাধ্যমের আলোচনায়।
আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় না আসায় টানা চতুর্থবারের মতো খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের পদে নির্বাচিত হয়ে গেছেন কাউন্সিলের আগেই। একইভাবে তার ছেলে তারেক রহমানও দ্বিতীয়বারের মতো দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হয়েছেন।
‘ভারপ্রাপ্ত’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে দীর্ঘদিন ধরে মহাসচিবের কাজ চালিয়ে আসা বিএনপি এবার একজন ‘পূর্ণাঙ্গ মহাসচিব’ বেছে নেবে কি না, স্থায়ী কমিটি, উপদেষ্টামণ্ডলী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি কতোটা বদলাবে- সেসব সিদ্ধান্তও শেষ পর্যন্ত চেয়ারপারসনের কাছ থেকেই আসবে।
দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, “নতুন কমিটি এমন হতে হবে যাতে সারাদেশ থেকে আসা নেতা-কর্মীরা একটা নতুন ভাবনা নিয়ে নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সে বিষয়টি যেমন দলীয় প্রধানকে দেখতে হচ্ছে, তেমনি পদ প্রত্যাশী নেতাদের বাছাই করে সঠিক নেতৃত্ব নির্বাচন তাকেই করতে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ।”
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য এই চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে আশাবাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘এক-এগারোর পর থেকে জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর নির্যাতন চলছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা-হুলিয়া। নিখোঁজ-গুম করে নেওয়ার মতো ঘটনার হিসাব অনেক দীর্ঘ। তারপরও বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যায়নি। ফিনিক্স পাখির মতোই তারা আবার জেগে উঠেছে।”
ষষ্ঠ কাউন্সিল >> প্রতিপাদ্য: মুক্ত করবই গণতন্ত্র >> স্লোগান: দুর্নীতি-দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ >> ৩০০০ কাউন্সিলর; ৪৫,০০০ ডেলিগেইট; ১৬০০০ অতিথির বসার ব্যবস্থা। >> বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন হয় ২০০৯ সালের ৮ ডিসেম্বর >> এবারের সম্মেলন হচ্ছে নির্ধারিত সময়ের তিনবছর পর |
বিএনপির গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের বিধান থাকলেও গত কয়েকটি কাউন্সিলে দেখা গেছে, খালেদা জিয়ার হাতেই ন্যস্ত হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব। ফলে কাউন্সিলে কমিটি ঘোষণা না করে অনেক পরে সেই ঘোষণা আসে চেযারপারসনের দপ্তর থেকে।
সাম্প্রতিক সময়ে ওই ধারার পরিবর্তনের প্রত্যাশা এসেছে বিএনপিপন্থি পেশাজীবী নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকের কথায়।
বয়স্ক নেতাকর্মীদের বাদ দিয়ে নবীনদের নিয়ে কমিটি করার, নেতা নির্বাচনের দায়িত্ব চেয়ারপারসনের হাতে তুলে না দিয়ে কাউন্সিলেই তার সমাধা করার আহ্বান জানিয়েছেন জাফরুল্লাহ।
ষষ্ঠ কাউন্সিল ঘিরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে টানানো হয়েছে বিশাল ডিজিটাল পোস্টার। জিয়াউর রহমান, খালেদা জিয়ার প্রতিকৃতির সামনে তারেক রহমানে হাত তোলা আলোকচিত্র সম্বলিত ব্যানারে লেখা আছে- ‘মুক্ত করবোই গণতন্ত্র’, ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে শুক্রবারই টাঙানো হয়েছে সামিয়ানা। শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়কের লাইটপোস্ট গুলোতে দেখা যাচ্ছে কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে পোস্টার।
পটুয়াখালীর আমতলী থেকে কাউন্সিলে যোগ দিতে আসা শিহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় বছর পর কাউন্সিল হতে যাচ্ছে। আমরা বিরুদ্ধে ২৮টি মিথ্যা মামলা। আমি বিশ্বাস করি, এই কাউন্সিলের মধ্য দিয়ে এমন একটা পরীক্ষিত নেতৃত্ব আসবে, যারা আমাদের গণতন্ত্রের আলোর সন্ধান দেবে।”
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আসা মিজানুর রহমানের কথায় পাওয়া গেল হতাশার সুর। বললেন, “সবাই কেন জানি পদ পেতে মরিয়া হয়ে উঠেছে। এটা আমাকে পীড়া দেয়, ব্যথিত করে।”
নেতাকর্মীদের আশা জাগাতে মির্জা ফখরুল বলেন, “আমি বিশ্বাস করি, ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে। নতুন নেতৃত্ব দেশনেত্রীর নেতৃত্বে গড়ে উঠা গণতন্ত্র ফিরিয়ে সংগ্রামকে সফল করবে।”
দলের নীতি নির্ধারণী ফোরামের একাধিক নেতা বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়া এবার দেখে শুনে নেতৃত্ব ঠিক করতে চান। বিগত আন্দোলনে নেতাদের ‘পিছুটান’, ‘কর্মসূচি বাস্তবায়নের অনিহা’ সাংগঠনিক দক্ষতা ও সততা- এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত দিতে চান।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার রাতে বৈঠক করে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে, যা শনিবার কাউন্সিলে তোলা হবে।
গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গঠনতন্ত্র সময়োপযোগী করতে আমরা বিভিন্ন প্রস্তাব যাচাই-বাছাই করে চূড়ান্ত করেছি। কাউন্সিলে তা চূড়ান্ত অনুমোদন পাবে। ইতোমধ্যে স্থায়ী কমিটিতে তার অনুমোদন পেয়েছে।”
সাংগঠনিক কাঠামোতে নেতৃত্বের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার সভাপতিত্বে ওই বৈঠকে দলের জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে ৩৮৬ সদস্যের বর্তমান নির্বাহী কমিটি কলেবরে আরও বাড়ছে।
ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদকের সংখ্যা বাড়ানো হচ্ছে কাউন্সিলে। আনুপাতিক হারে বাড়ছে সহ-সম্পাদকের সংখ্যাও। সিনিয়র যুগ্ম মহাসচিব পদ নিয়ে একটি অংশের আপত্তি থাকলেও ওই পদ বিলুপ্ত হচ্ছে না বলে স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন।
১৮ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে আর এ গণির মৃত্যু এবং যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সেই দুটি পদ শূন্য রয়েছে। বাকি সদস্যদের মধ্যে কয়েকজন অনেক দিন ধরেই বয়সের কারণে নিষ্ক্রিয়। এবার এই কমিটির সদস্য সংখ্যাও বাড়তে পারে।
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের পাশাপাশি আলাদা আরেকটি বিষয়ভিত্তিক উপদেষ্টা কাউন্সিল গঠন করার কথা এসেছে সংশোধনীর প্রস্তাবে।
এসব সিদ্ধান্তের ব্যাখ্যা পাওয়া যায় একজন জ্যেষ্ঠ নেতার কথায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেভাবে পদের জন্য লবিং চলছে, তদবির চলছে... সবাই তো নেতা হতে চায়।”
কাউন্সিলের তিন পর্ব # শনিবার সকাল ১০টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে তিন পর্বের কাউন্সিলের শুরু। # উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। # খালেদা জিয়ার বক্তব্যের আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে কাউন্সিলে যোগ দেবেন তারেক রহমান। # বিকাল ৩টায় শুরু কাউন্সিলের মূল পর্ব # চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফলের বিষয়ে প্রতিবেদন পেশ, ভারপ্রাপ্ত মহাসচিবের সাংগঠনিক রিপোর্ট পেশ এবং স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন হবে এই পর্বে # সন্ধ্যায় তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। |
রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার এক বছরের মধ্যে রাজনীতিতে নেমেই দলের ভাইস চেয়ারম্যান পদ নিয়েছিলেন তার স্ত্রী খালেদা জিয়া।
তখন বিএনপির চেয়ারম্যান ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। সেনাপ্রধান এইচ এম এরশাদ ১৯৮২ সালে বিএনপি হটিয়ে ক্ষমতা দখল করলে সাত্তারের অসুস্থতার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদ নিয়ে দলের হাল ধরেন খালেদা।
তারপর ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা। সেই থেকে তিনি এই পদে রয়েছেন। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর দুই বার তার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।
জিয়া-খালেদার বড় ছেলে তারেক বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এক যুগ আগে রাজনীতিতে যুক্ত হয়েই দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। তারপর ২০০৯ সালের কাউন্সিলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি ঘটে তার।
জরুরি অবস্থায় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির পর ডজন খানেক মামলা মাথায় নিয়ে যুক্তরাজ্যে থাকা অবস্থায় গত কাউন্সিলে বিএনপির দ্বিতীয় শীর্ষ পদে আসেন তারেক।
লন্ডনে থেকে বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় রয়েছেন তারেক। তবে বাংলাদেশের ইতিহাসের মীমাংসিত বিষয়ে কিছু বিতর্কিত বক্তব্য ধরে তার বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
গত কাউন্সিলের মতো এবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্সিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেকের, যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি বলে মনে করেন অনেকে।
