বিএনপির কাউন্সিলে এসেছেন ব্রিটিশ লেবার নেতা
বিএনপির কাউন্সিলে যোগ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টির সদস্য সিমন ডান্স জাক।
বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছেছেন বলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানিয়েছেন।
ষষ্ঠ কাউন্সিল প্রস্তুতি পরিষদের আন্তর্জাতিক উপকমিটির এই সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃটিশ লেবার পার্টির এই সদস্য ঢাকায় এসেছেন। আগামীকাল ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফিল বেনিওনের পৌঁছনোর কথা রয়েছে।”
যুক্তরাষ্ট্র থেকে ডেমোক্রেট পার্টির প্রতিনিধিও কাউন্সিলের দিন সকালেই ঢাকায় পৌঁছবেন বলে আশা করছেন বিএনপি নেতা রিপন।
তিনি জানান, ভারত, চীন, মিয়ানমার, নেপালসহ বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের কাউন্সিলে আমন্ত্রণ পৌঁছানো হয়েছে। তবে সময়ের স্বল্পতার কারণে তারা অনেকে আসতে পারছেন না।
আগামী শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল উদ্বোধন করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। এবার কাউন্সিলে তাদের স্লোগান-‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
