গঠনতন্ত্র সংশোধনে খালেদার সায়
ষষ্ঠ কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দিয়েছে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
কাউন্সিলের দুদিন আগে বৃহস্পতিবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
বৈঠকের ফাঁকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য সাংবাদিকদের জানালেও কী কী সংশোধন আসছে, সে বিষয়ে কিছু বলেননি।
তিনি বলেন, “কাউন্সিলে উপস্থাপনার পর তা অনুমোদন হলে গঠনতন্ত্রের সংশোধনী হিসেবে গৃহীত হবে।
“এই মুহূর্তে আমরা তা তুলে ধরতে পারছি না। কাউন্সিলে যখন সংশোধনীগুলো গৃহীত হবে, তখন আমরা আপনাদের সামনে তুলে ধরব।”
আগামী শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল উদ্বোধন করবেন খালেদা জিয়া। এবার কাউন্সিলে তাদের স্লোগান-‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
দলের শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ইতোমধ্যে পুনর্নির্বাচিত হয়েছেন।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ইতোমধ্যে আভাস দিয়েছেন, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের ভূমিকা সুর্নির্দিষ্ট করতে গঠনতন্ত্রে সংশোধন আনা হবে।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে ১৩ সদস্যের স্থায়ী কমিটির কলেবর বাড়িয়ে ১৯ এ উন্নীত করে গঠনতন্ত্র সংশোধন করা হয়। ওই কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য হিসেবে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে অন্তর্ভুক্ত করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টায় বর্তমান স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক শুরুর আগে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের লোগো উন্মোচন করেন সভার সভাপতি খালেদা জিয়া।
রাত পৌনে ১টা পর্যন্ত চলা স্থায়ী কমিটির শেষ বৈঠকে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে রয়েছেন। এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া অসুস্থ থাকায় বৈঠকে ছিলেন না।
ফখরুল বলেন, “সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন দেশনেত্রী। ২০০৯ সালে গঠনের পর দীর্ঘ ৬ বছরে অনেক প্রতিকূলতার মধ্যে স্থায়ী কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।”
স্থায়ী কমিটির সদস্য আর এ গনি এবং খোন্দকার দেলোয়ার হোসেন এই সময়কালে মারা যাওয়ায় তার প্রতি শোক জানিয়েছে স্থায়ী কমিটি।
“আমাদের আরেকজন সদস্য জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরী, তিনিও আমাদের মাঝে আর নেই,” বলেন ফখরুল।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদেরের শাস্তি কয়েক মাস আগে কার্যকর হয়।
