অর্থমন্ত্রীও সন্দেহের বাইরে নন: সুরঞ্জিত
বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সন্দেহের বাইরে নন বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক সভায় তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের রাষ্ট্রীয় খাত। যেখানে রাষ্ট্রীয় অর্থ সেখানে হাত পড়েছে।”
বিষয়টি হালকা করে দেখার কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, “এ অবস্থা দেশবাসীকে আশাহত করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই- অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কেউ সন্দেহের বাইরে নয়।
“আমাদের অর্থমন্ত্রী বলে না- ‘রাবিশ, খবিশ’। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের লোকদের দায়িত্বহীনতার যে পরিচয় পাওয়া গেছে আজকের এই দিনে তা অত্যন্ত কষ্টদায়ক।”
এ বিষয়ে অর্থমন্ত্রীকে জাবাবদিহি করতে হবে কিন না- সাংবাদিকদের এমন প্রশ্নে সুরঞ্জিত বলেন, “আমি বলি নাই ওমুককে করিয়েন না। সংশ্লিষ্ট সবাইকে এই তদন্তের মধ্যে আনতে হবে। কেউ এই তদন্তের ঊর্ধ্বে নয়।”
অর্থমন্ত্রীকে ‘দায়িত্ব নিয়ে’ কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। আপনাকেও দায়-দায়িত্ব নিতে হবে। এটা আপনার টাকা না। এটা আপনার আমার বাবার টাকা না। এটা জনগণের অর্থ।”
২০১২ সালের ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।।
দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভায় অর্থমন্ত্রীর বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলার সমালোচনাও করেন সুরঞ্জিত।
“কখনও ইংরেজিতে কয়, বাংলা কয়। কী যে কয় বোঝার উপায় নাই। এ সমস্ত জাতীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, হালকা করে দেখার কোনো সুযোগ নাই।”
তিনি বলেন, “সব কাজ করবেন শেখ হাসিনা। আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু। কী কয় রাবিশ-খবিশ। এগুলো কোনো কথা হলো?”
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরির খবরটি গোপন রাখায় বাংলাদেশ ব্যাংকের কর্তাব্যক্তিদের উপর ক্ষুব্ধ ছিলেন অর্থমন্ত্রী।
এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন আসছে। পরদিন গভর্নর আতিউর রহমান সরে দাঁড়ানোর পর দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেওয়া হয়।
বুধবার এক প্রজ্ঞাপনে জানানো হয়, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগে জানালেও অবস্থা একই হতো- সাবেক গভর্নর আতিউর রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে সাবেক মন্ত্রী সুরঞ্জিত বলেন, “এখন শুনি এটা আগে কইলে যা হইত, পরে কইলেও তাই হইত। এগুলো কোনো কথা হইলো?
“আবার এটা নাকি বিরল ত্যাগের মহিমা। নিশ্চয় আগে হইলে টাকা পাওয়া যেত। এগুলো কোনো সাধারণ বিষয় না। মানুষ এগুলো চক্ষু মেইলা দেখে।”
গভর্নরের পদ থেকে আতিউরের পদত্যাগের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত বলেন, “সবাইকে একসঙ্গে খুশি করা যায় না। এটা বিরল আত্মত্যাগ- এটাও যেমন ঠিক, আবার তাকে গভর্নর রাখা যাবে না- এটাও ঠিক। দুইটা একসঙ্গে ঠিক হতে পারে না।
“ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা যতটা খুশি হয়েছিলাম এই ঘটনায় আশাহত। ডিজিটাইজেশন করলেই হয় না, এটা রক্ষা করতে হয়। শুধু রক্ষা করতে হয় না, লোকও তৈরি করতে হয়।”
‘সেই লোক’ তৈরি করে দেশের অর্থবিত্ত রক্ষা করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, “এই সমস্যা তো সরকারের হইছে, আমি তো মন্ত্রী কেমনে কথা কই। কীভাবে বিপক্ষের কথা কই। আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলতে চাই, এই ব্যাপারটিকে আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে।”
