২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে কাউন্সিল করার সামর্থ্য বিএনপির নাই: হাছান

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে দলীয় কাউন্সিল করার অনুমতি দেওয়া হলেও তারা রাজি হয়নি দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দীতে কাউন্সিল অধিবেশন করার যোগ্যতা ও সামর্থ্য বিএনপির নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 01:03 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “কাউন্সিল অধিবেশন নিয়ে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল; অনুমতি দেওয়ার পর তারা সেখানে কাউন্সিল করতে রাজি হলো না।

“এর অন্যতম কারণ হলো, ওই মাঠে যে জনসমাগম করতে হবে তা বিএনপির নেই। আমরা চাই বিএনপি হামাগুড়ি দিয়ে নয়, সোজা হয়ে চলুক।”

আগামী ১৯ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।

কাউন্সিলের জন্য এর আগে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন- রাজধানীর তিনটি স্থানের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি।  অনুমোদন দিতে দেরির মধ্যে সরকার কাউন্সিলের জন্য জায়গা দিচ্ছে না বলেও গণমাধ্যমে অভিযোগ করেছিল দলটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

এতে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি বিষয়টি ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা উচিত মন্তব্য হাছান মাহমুদ বলেন, “কেননা এই রিজার্ভ চুরির পর বিএনপি সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চাইছে।”

বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাদের আন্তর্জাতিক জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

বিএনপির কাউন্সিল ১৯ মার্চ,  জায়গা চেয়ে আবেদন