২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের বিএনপির নির্দেশনা

আসন্ন ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ‘সর্বাত্মক শৃঙ্খলা’ রক্ষায় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে মহানগর বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার নয়া পল্টন কার্যালয়ে মহানগরের এক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “কাউন্সিলে শৃঙ্খলার যদি অভাব থাকে তাহলে আমরা সফল হতে পারব না- এটা খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে যারা আসবেন, তারা যাতে মনে করেন, এটা একটা সুশৃঙ্খল পার্টি ও সভ্যদের পার্টি।

“আমি আশা করি, অতীতের চাইতে মহানগর নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে মির্জা আব্বাসের অভাব যাতে চোখে না পড়ে সেই কাজটি করবেন।”

মির্জা আব্বাসের অনুপস্থিতিতে মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল তার দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি সবার কাছে ব্যাপারে সহযোগিতা চান।

আগামী ১৯ মার্চ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে। দিনব্যাপী এই কাউন্সিলের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান ও দ্বিতীয় পর্বে কাউন্সিলের রুদ্ধদ্বার কর্ম অধিবেশন থাকবে।

গয়েশ্বর বলেন, “আমাদের কাউন্সিলরের সংখ্যা হচ্ছে প্রায় ২৮শ। আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি অতিথি- সব মিলিয়ে ভেতরে চেয়ার থাকবে মাত্র সাড়ে চার হাজার।

“ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে কাউন্সিলর ব্যতীত আর কারও প্রবেশের সুযোগ থাকবে না। আমরা যেন সবাই সোহরাওয়ার্দি উদ্যানসহ রাস্তায় জায়গাটা করে নিই।”

মহানগর আহ্বায়ক কমিটির এই সদস্য নেতাদের উদ্দেশ্যে বলেন, “সামনে কাউন্সিল। আমি বলব ১৯ তারিখের আগ পর্যন্ত দয়া করে বায়োডাটা নিয়ে নেতাদের বাড়ি বাড়ি ঘুরাঘুরি কইরেন না। বায়োডাটা দিয়ে রাজনীতি হয় না।”

জাতীয় কাউন্সিল নিয়ে সরকার নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র বলেন, “১৯ তারিখে সরকার কত ষড়যন্ত্র করবে আর করবে না- তা আমরা জানি না। তবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান পুনর্নিবার্চিত। এক্ষেত্রে আমরা কিছু ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বাকী ষড়যন্ত্র মোকাবিলা হবে। বেশিদিন ষড়যন্ত্র করে টিকে থাকা যায় না, এটা আমরা জানি।”

কাউন্সিল উপলক্ষ্যে কেউ নিজের ছবি দিয়ে পোস্টার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গয়েশ্বর।

আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় মহানগরের উপদেষ্টা আবদুস সালাম, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, মহানগর নেতা কাজী আবুল বাশার, আবদুস সালাম আজাদ, ইউনুস মৃধা, বজলুল বাসিত আনজু প্রমুখ বক্তব্য দেন।