সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্রার্থী এবার জয়নাল-খোকন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক পদে আগের মতো মাহবুবউদ্দিন খোকনের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন জয়নাল আবেদীন।
বিএনপির যুগ্মমহাসচিব খোকন টানা কয়েকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়ে আসছেন।
খন্দকার মাহবুব হোসেনের আগে একবার সভাপতি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন। তিনি দুই দশক আগে সমিতির সম্পাদকও ছিলেন।
বুধবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়া জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের এই প্যানেল অনুমোদন করেন বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানিয়েছেন।
বৈঠকে মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আমীনুল হক, জয়নাল আবেদীন, শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী ঐক্য প্যানেলে সহসভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও গোলাম মোস্তফা, সহ সম্পাদক পদে শহিদুজ্জামান ও ইউসুফ আলী, কোষাধ্যক্ষ পদে নাসরিন আখতার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- নাসিরউদ্দিন অসীম, রেজাউল করিম, নাসির উদ্দিন সম্রাট, নাসরিন বেগম, মমতাজ বেগম, কামাল হোসেন ও শেখ তাহসিন আলী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৩ ও ২৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণ হবে।
২০১০ সালের পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব বিএনপি করায়ত্তে রয়েছে।
