২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ ভয় দেখানো হচ্ছে: বিএনপি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:18 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

ক্ষমতাসীনদের ‘বাধা ও হুমকিতে’ প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটের ১৩৭৯ ইউপির মধ্যে ১৭৮টিতে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীতরা প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ তাদের।

রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রচণ্ড হুমকির মুখে বিএনপির প্রার্থীরা গণসংযোগ করতে পারছে না। নেতা-কর্মীদের ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

নির্বাচন কমিশন নিয়ে রিজভী বলেন, “আমরা নির্বাচন কমিশন ও তাদের সহচরদের বলতে চাই, আপনারা জাতির কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা ভোটারবিহীন, ম্যান্ডেটবিহীন এক ব্যক্তির গোলামী করতে গিয়ে আপনাদের নিজেদেরও অতীত অর্জন ও বর্তমান সাংবিধানিক দায়িত্ববোধকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।

“শুধু তাই নয়, আপনারা নিজেদের বংশধর উত্তরসূরীদের আগামীটা জাতির কাছে লজ্জাজনক ও অপরাধীর অবস্থাতে ঠেলে দিচ্ছেন। জনগন এখন আপনাদের জাতির অভিশাপ হিসেবেই বিবেচনা করছে।”

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর, বদরপুর, খুলনার বিভিন্ন ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাইফুল্লাহকান্দি ইউনিয়ন, পাহাড়িয়াকান্দি ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এশিয়া কাপ ফাইনালের ক্রিকেট প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জানান রুহুল কবির রিজভী।

“টিকেট প্রত্যাশীদের আন্তরিকভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে তাদের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জ ও নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ যে নিষ্ঠুর আচরণ করেছে, তা নজিরবিহীন। বাংলাদেশ যে একটা অমানবিক পুলিশি রাষ্ট্র তা আবারো গতকালের ঘটনায় প্রমাণ হল,” বলেন তিনি।