খালেদা-তারেকের মনোনয়নপত্র জমা
বিএনপির আসন্ন কাউন্সিলে চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের মনোনয়নপত্র জমা পড়েছে।
আর কেউ মনোনয়নপত্র না নেওয়ায় দলের দুই শীর্ষ পদে মা-ছেলের থেকে যাওয়া একরকম নিশ্চিত হয়েই আছে।
খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচনী এজেন্ট রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শাহজাহান শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসার নজরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্রে খালেদা জিয়ার বয়স লেখা হয়েছে ৬৯ বছর, তারেকের ৫০। দুজনেরই ঠিকানা দেওয়া হয়েছে গুলশানের ৭৯ সড়কের ফিরোজা বাসভবন, যদিও কয়েক ডজন মামলা মাথায় নিয়ে তারেক গত আট বছর ধরে লন্ডনে অবস্থান করছেন।
তারেক রহমানের স্বাক্ষর সম্বলিত মনোনয়নপত্রগুলো সকালে তার নির্বাচনী এজেন্টের কাছে পৌঁছানোর পর সেগুলো ফরম পূরণ করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, “আমরা ই মেইলে মনোনয়ন ফরম পাঠিয়ে দিয়েছিলাম। উনি (তারেক) সই করে আবার ই মেইলেই ফেরত পাঠিয়েছেন।”
নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রোববার বিকাল ৪টা পর্যন্ত সময় রয়েছে।
নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা চেয়ারম্যান পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের মনোনয়নপত্র পেয়েছি। মনোনয়নপত্রগুলো সঠিক আছে কিনা তা কাল (শনিবার) বাছাই শেষে আমরা জানাতে পারব।”
রোববার বিকাল ৪টা পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কমিশনের ‘এই কার্যক্রমের সমাপ্তি ঘটবে’ বলে জানান তিনি।
আগামী ১৯ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে।
১৯৮১ সালে জিয়াউর রহমানের নিহত হওয়ার পর রাজনীতিতে পা রেখেই বিএনপির চেয়ারপারসন পদে আসীন হন খালেদা। তার নেতৃত্বে দুই বার সরকার গঠন করে বিএনপি।
ছেলে তারেক এক যুগ আগে রাজনীতিতে যুক্ত হয়েই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। তারপর ২০০৯ সালের কাউন্সিলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি ঘটে তার।
২০০৯ সালের পর আর কাউন্সিল হয়নি বিএনপির। দশম সংসদ নির্বাচন বর্জনের পর আন্দোলন চালিয়েও সরকারকে হটাতে ব্যর্থ হয়ে সঙ্কটময় অবস্থার মধ্যে কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি।
চেয়ারম্যান পদে খালেদা জিয়ার প্রস্তাবক দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সমর্থক হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আলম চৌধুরীর সই রয়েছে।
সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সমর্থন করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
দুই শীর্ষ নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির এই নির্বাচন কমিশনের সদস্য হারুন আল রশিদ ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
