২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চ সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভা

ঐতিহাসিক ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 08:56 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর শাখার যৌথসভা শেষে তিনি একথা জানান।

সৈয়দ আশরাফ বলেন, “এটা আমাদের প্রস্তুতি সভা। ৭ মার্চ যাতে সফল করতে পারি এ জন্যই প্রস্তুতি সভা।

“৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ একই মাসে তিনটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের বর্তমান লক্ষ্য এ তিনটি দিবসকে যথাযথভাবে পালন করা।”  

তিনি বলেন, ৭ মার্চ উপলক্ষে আগামী কয়েক দিন প্রত্যেক সহযোগী ও অঙ্গ সংগঠনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করা হবে।

“আশা করি, এবার ব্যাপক লোক সমাগম হবে।”

বিকাল ৩টায় জনসভা শুরু হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্মরণকালের বৃহত্তম জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বঙ্গবন্ধুর ওই ভাষণেই স্বাধীনতার দিক নির্দেশনা ছিল, আর তা ধরেই সংগ্রামের প্রস্তুতি নিতে থাকে বাঙালিরা।

আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ৭ মার্চ পালন করে থাকে।

যৌথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “বাংলাদেশে পাকিস্তানের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। খালেদা জিয়া সে শক্তির ধারক ও বাহক।”

এসময় মুক্তিযুদ্ধের চেতনার সব মানুষকে ৭ মার্চের জনসভায় যোগদানের আহ্বান জানান তিনি।

বিএনপির সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রতিনিয়ত বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি।

“তারা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। কারণ তারা তাদের প্রার্থী দিতে পারছে না।একারণেই তারা আবোল-তাবোল কথা-বার্তা বলছে।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপাস্থত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।