২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে ওয়ান-ইলেভেনের খায়েশ পূরণ হবে না: কাদের

বাংলাদেশে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তির আর কোনো সম্ভাবনা দেখছেন না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় তিনি বলেন, “ওয়ান-ইলেভেনের পুরাবৃত্তির হওয়ার কোনো সুযোগ নেই। সে ধরনের কোনো খায়েশ কারও পূরণ হবে না।”

সেনা নিয়ন্ত্রিত ওই সরকার আমলে ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা’ খবর যাচাই ছাড়া প্রকাশের ‘ভুল’ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকার করার পর তা নিয়ে আলোচনার মধ্যে একথা বললেন ওবায়দুল কাদের।

তখন কারাবন্দি এই রাজনীতিক বলেন, “ওয়ান-ইলেভেন নিয়ে একসময় বাংলাদেশে তুমুল আলোচনার ঝড় উঠেছিল। তখন সবাই বলেছিল, কুশীলবদের বিচার করতে হবে।

“কিন্তু সেই আগ্রহ ও আগ্রহের উৎস হঠাৎ থেমে গেল কেন? এই নিয়ে মাঝখানে কোনো আলোচনা নেই।”

“ওই সময়ে বিরাজনীতিকরণের মতলব ছিল, অনেক বড় বড় রাজনীতিবিদ মাঝারি সারির সামরিক কর্মকর্তাদের সাথে রাতের আঁধারে বৈঠক করেছে। কুশীলব হিসেবে যারা সহযোগিতা করেছিলেন, তারা অনুতপ্ত হলেও অনেক অবাঞ্ছিত সত্য বেরিয়ে আসবে।”

“তবে ওয়ান-ইলেভেনের সত্য তো একদিন বের হবেই। কুশীলবদের অবস্থা কী ছিল, তাও বের হবে,” বলেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমরা সূর্যমুখী’ নামে একটি সংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত আবদুল কাদের সিদ্দিকীর প্রশংসা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “উনি(কাদের সিদ্দিকী) যখন আমাদের দলে নাই, অন্য দল গঠন করেন, তখন উনাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধে উনার যে অবদান ছিল, এর জন্য তাকে অস্বীকার করলে ইতিহাস অস্বীকার করা হবে।”

অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাংসদ বেগম আকতার জাহানও বক্তব্য রাখেন।