অ্যাটর্নি জেনারেলের অপসারণ দাবি রিজভীর
আদালতে আসামিদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্তরায় হিসেবে কাজ করছেন দাবি করে তার অপসারণ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হাই কোর্ট থেকে বিএনপির অনেক নেতা জামিন পাওয়ার পর তাদের আটকাতে আপিল বিভাগে মাহবুবে আলমের ভূমিকা তুলে ধরে রোববার এক আলোচনা সভায় বক্তব্যে এই দাবি করেন বিএনপি নেতা।
রিজভী বলেন, “সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। বিরোধী দল বিএনপির যে নেতাই জামিন পান, তার বিরুদ্ধে তিনি অ্যাপিলেট ডিভিশনে আপিল করেন। এর আগে কিন্তু এমনটি আমরা দেখিনি।
“আমরা দেখেছি, নিম্ন আদালত জামিন না দিলে হাই কোর্টের জামিনে আমরা বেরিয়ে পড়তাম। হাই কোর্টের রায় বহালের পরও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে জেলখানায় বলে দেওয়া হয়, আমাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না।”
অ্যাটর্নি জেনারেলের কার্যক্রম উচ্চ আদালত দেখবে- এই প্রত্যাশা রেখে বিএনপি নেতা বলেন, “কেননা এই ধরনের একজন মানুষ অ্যাটর্নি জেনারেল হিসেবে ন্যায়বিচারকে ক্ষুণ্ন করছেন।
“এদেশের মানুষের শেষ আশা-ভরসার স্থল উচ্চতর আদালত, সেই আদালতকে কলুষিত করছেন এই অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলকে হয় সরিয়ে দিন, না হয় গ্রেপ্তার করে না হয় শাস্তি দিন।”
হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপির বহু নেতা কারাগারে আটক রয়েছেন। কয়েকমাস কারাগারে থেকে বেরিয়ে রিজভী এর আগেও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে জামিন আটকে দেওয়ার অভিযোগ করেছিলেন।
মাহবুবে আলম (ফাইল ছবি)
তার প্রতিক্রিয়ায় মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রাষ্ট্রপক্ষের আপত্তি শুনে আদালত মামলা নিষ্পত্তি করে না, উভয় পক্ষের শুনানি নিয়েই আদালত আদেশ দিয়ে থাকেন। রাষ্ট্রপক্ষের আপত্তিতে জামিন হচ্ছে না-এটা বলা আদালতের প্রতি অনাস্থা ও আদালত অবমাননাকর।”
খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে কেরানীগঞ্জ যুবদলের সভায় বক্তব্যে অ্যাটর্নি জেনারেলের অপসারণ দাবি করেন রিজভী।
তিনি বলেন, “উচ্চতর আদালতের দেখা উচিৎ, কেন নিম্ন আদালতের একজন বিচারক ন্যায়বিচার করতে গিয়ে তারেক রহমানের একটি মামলায় রায় দিতে গিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে, কাদের হুঙ্কারে, কাদের হুমকিতে।”
ইউপি নির্বাচন নিয়ে ইসির সমালোচনা করে রিজভী বলেন, “এই নির্বাচন কমিশন শেখ হাসিনার পোষা ছাগল। এই ছাগলের গলার দড়িটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অথবা গণভবনে থাকে। যখন তারা (ইসি) একটু দাঁড়ানোর চেষ্টা করে, যদিও তারা চেষ্টা করে না, যদি একটু নড়াচড়া করে, তাহলে দড়ি ধরে টান দেয়।”
বিএনপির কাউন্সিল আয়োজনে সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন এই যুগ্মমহাসচিব।
“যেখানে স্থান চাচ্ছি, সেই কর্তৃপক্ষকে সরকার নির্দেশ দিচ্ছে, যেন আমাদেরকে সেই স্থান না দেওয়া হয়।এই ধরনের বিভিন্ন কথা আমরা শুনতে পারছি।”
তবে সব বাধা পেরিয়ে ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে, বলেন রিজভী।
