২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা বিএনপিতে খুনিদের সম্মিলন ঘটিয়েছেন: শাজাহান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটিতে খুনিদের সম্মিলন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 04:37 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে এখনও একাত্তরের মতো গভীর ষড়যন্ত্র করছে। তাদের মদদ দিচ্ছে খুনি জামায়াতে ইসলামী, আল-বদর, রাজাকাররা। সেই খুনিদের নিয়ে দল গঠন করে খালেদা জিয়া খুনিদের সম্মিলন ঘটিয়েছেন।”

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ) এর জাতীয় সম্মেলনে খালেদা জিয়ার অভ্যাস কোনোদিন পরিবর্তন হওয়ার নয় বলেও মন্তব্য করে শাজাহান খান বলেন, “খাইসলত না যায় ধুইলে, ইজ্জত না যায় মইলে।”

মুক্তিযুদ্ধে ২৯১ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার নাম এসেছে জানিয়ে তিনি বলেন, “আরও তদন্ত হচ্ছে। তাদের বিচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

নির্মাণ শ্রমিকদের মৃত্যুতে ক্ষতিপূরণের টাকার পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়ে নৌমন্ত্রী বলেন, “আন্দোলন ছাড়া কোনো কিছুই আদায় হয় না। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করতে হবে। মন্ত্রী থাকি আর না থাকি সারাজীবন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাব।”

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ফজলে হোসেন বাদশা, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক।

সম্মেলনে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ১৪ জন নির্মাণ শ্রমিকের চিকিৎসায় প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।