২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আ. লীগ: আশরাফ

আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

সোমবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে তিনি নলেন, ‍“১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। জননেত্রী শেখ হাসিনা জেল থেকে বেড়িয়ে আসবেন, তারপরে নির্বাচনে নিব এবং জয়লাভ করে সরকার গঠন করব।

“আমরা (আওয়ামী লীগ) প্রতিটি পদক্ষেপই বাস্তবায়ন করেছি এবং আওয়ামী লীগ একইভাবে প্রতিটি পদক্ষেপেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।”

‘রুখে দাও লেলিহান’ ও ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচনে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই ‌অনুষ্ঠানের আয়োজন করে সার্বিক সাহিত্য প্রকাশনী।

২০১৩-১৪ ও ১৫ সালে ‘বিএনপি-জামায়াতের তাণ্ডবে’ শতাধিক মানুষের নিহত ও আহতের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ বলেন, ‍“৫ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত যা করেছে- শাজাহান খানের এই দুটি বই তার দালিলিক প্রমাণ হয়ে থাকল।”

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‍“সারাদেশে ২০১৩-১৫ সালে বিএনপি-জামায়াত দেশে যে বিভীষিকাময় পরিস্তিতির সৃষ্টি করেছিল, সেদিন যদি আমরা শ্রমিক-কর্মচারীরা মিলে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলতাম- তাহলে আজকে আর এই দিন দেখা যেত না।”

সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাসদ নেত্রী শিরীন আক্তার, সাংবাদিক আবেদ খান, মুক্তিযোদ্ধা ইসমত কবির গামাসহ অন্যরা বক্তব্য রাখেন।