একুশে ফেব্রুয়ারি পালন কপটতায় ভরে গেছে: ফখরুল
ভাষা শহীদদের শ্রদ্ধার দিন একুশে ফেব্রুয়ারি এখন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিবসটি ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটা এখন ‘কপটতায়’ ভরে গেছে বলেও পর্যবেক্ষণ তার।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “এখন ২১ ফেব্রয়ারি একটি অনুষ্ঠানে একটি উৎসবে পরিণত হয়েছে। বলতে এতটুকু দ্বিধা নেই, এটা এখন কপটতায় পরিপূর্ণ হয়ে গেছে।”
এর ব্যাখ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২১ ফেব্রুয়ারিকে উপলক্ষ করে শিল্প-বাণিজ্যের প্রসার ঘটেছে। আমরা দেখছি সুন্দর সুন্দর কালো-সাদা পোশাক তৈরি হয়, তার মধ্যে অনেক বর্ণমালা লিখিত থাকে। আমাদের ছেলে-মেয়ে থেকে শুরু করে আমাদের বাড়ির মহিলারা পর্যন্ত সেইসব পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান অথবা বাজার করতে যান।
“এটা কপটতা ছাড়া কিছু নয়।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গতকাল বদরউদ্দিন ওমর সাহেবের একটি লেখা পড়ছিলাম। সেই লেখার মূল যে সুরটি ছিল- ফিরিয়ে দাও আমাদের প্রভাত ফেরি। অর্থাৎ প্রভাত ফেরিতে আমাদের জাতির যে ঐতিহ্য ও আমাদের আবেগ প্রকাশিত হত, আমরা মহান ভাষা শহীদদের প্রতি সেই ভোর বেলা শ্রদ্ধা নিবেদন করতাম ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে। এটি এখন প্রায় চলে গেছে।”
ভাষা আন্দোলন নিয়ে আলোচনা শুনতে নেতাকর্মীদের তেমন আগ্রহ না দেখে হতাশা প্রকাশ করেন ফখরুল।
তিনি বলেন, “আমাদের মধ্যে আজকালকার প্রজন্মের বেশিরভাগই জানেন না যে ২১ ফেব্রুয়ারিতে কোন অবস্থার প্রেক্ষিতে কারা কারা প্রাণ দিয়েছিলেন এবং কেন সেদিন ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন।
“আজকে যখন এখানে আলোচনা হচ্ছিল, আমি দেখছিলাম আমাদের অনুষ্ঠানের হল আস্তে আস্তে খালি হচ্ছিল। আমি দেখছিলাম, অনেকের বেশ তন্দ্রাভাব এসে গেছে। অর্থাৎ আমরা এই আলোচনাগুলো পছন্দ করি না। আমাদের জীবনের মধ্যে এটা কোনো প্রভাব বিস্তার করতে চায় না।”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। ছবি: মোস্তাফিজুর রহমান
“আমাদের স্বাধীনতার মূল বীজটি বপন করা হয়েছিল ২১ ফেব্রুয়ারিতে; সেই রক্ত দিয়ে সেই বীজের মধ্যে জলসঞ্চালন করা হয়েছিল। যার ফলে সেটা মহীরুহ হয়ে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।”
বর্তমানে দেশে একুশের চেতনা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে সামনে নিয়ে যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, গণতান্ত্রিক চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সেই গণতন্ত্র পুরোপুরিভাবে নির্বাসিত হয়ে গেছে।”
‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ আন্দোলনের কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আজকে বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু করতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে একদিকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব; আর অন্যদিকে আমরা আমাদের হারিয়ে যাওয়া যে অধিকারগুলো সেই অধিকারগুলোকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “যারা গণতন্ত্রের কথা মুখে বলতেন, যারা গণতন্ত্রকে ভর করে ক্ষমতায় এসেছিলেন, তারা সেই গণতন্ত্রকে আজ গলাটিপে হত্যা করছেন। এটা তাদের ঐতিহ্য। অতীতেরও তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছেন। আবার আজকে ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন।”
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ভাষা আন্দোলনের চেতনার মূল চাওয়া ছিল-এদেশে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত অনুযায়ী সব কিছু চলবে। অর্থাৎ গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করা হবে।
“কিন্তু আমরা যে দেশে বসবাস করছি, সেখানে আজ গণতন্ত্র ভুলুণ্ঠিত। আজকে অন্যায়, অত্যাচার, নির্যাতন নিত্যনৈমত্তিক ব্যাপার।
“একুশ মানে মাথা উঁচু করে দাঁড়ানো। সকল অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
মওদুদ আহমদ বলেন, “স্বাধীন বাংলাদেশ করার যে দাবিটা আওয়ামী লীগ করে, সেটা সত্য নয়। তারা ১৯৬৬ সালে ৬ দফা দাবি দিয়েছে, সেখানেও বাংলাদেশের স্বাধীনতার কথা তারা বলেননি। এমনকি একাত্তর সালের নেগোসিয়েশনের সময়ও তারা স্বাধীনতার কথা বলে নাই।
“যাই হোক ঘটনাক্রমে সেই স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেন, “আজকে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে হয়। তার কারণেই এদেশে আমরা একটি নতুন আদর্শ, নতুন দিক নিদের্শনা আমরা পেয়েছিলাম, নতুন আশার আলো আমরা দেখতে পেয়েছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মওদুদ বলেন, “যদি আমরা বিএনপিকে সুসংগঠিত করতে পারি, শক্তিশালী করতে পারি, তাহলেই এদেশে রাজনীতিতে বিএনপি যুগ যুগ ধরে অনন্য ভূমিকা রেখে যাবে। তবে আমাদের যারা প্রতিপক্ষ তাদের অনেকগুলো ব্যর্থতা আছে- তারা প্রথমে একদলীয় শাসন করলেন, এখন তারা অনির্বাচিতভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, রাজনীতিও নেই।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, কৃষক দলের শামসুজ্জামান দুদু, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, এম এ মালেক, রফিকুল ইসলাম মাহতাব হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
