বিচারপতি খায়রুল জাতিকে প্রতারিত করেছেন: মওদুদ
ত্রয়োদশ সংশোধনী বাতিলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ‘চরম অনৈতিকতার’ পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
দীর্ঘদিন পর বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় আসেন এই রাজনীতিক।
মওদুদ বলেন, “২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি তার শর্ট অর্ডারে বলেছেন, আগামী দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া বাঞ্ছনীয়। এর সাতদিন পর তিনি অবসরে গেলেন।
“অবসরে যাওয়ার ১৬ মাস পর তিনি যে পূর্ণাঙ্গ রায় দিলেন, তাতে আগের ওপেন কোর্টে শর্ট অর্ডার থেকে একটা শব্দ বাদ দিয়ে দিলেন।”
এই বিএনপি নেতা বলেন, “অবসরে যাওয়ার ১৬ মাস পর কোনো বিচারকের রায় লেখার এখতিয়ার আছে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন এসেছে, যা বর্তমান মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা এক বক্তব্যে উল্লেখ করেছেন।
“অন্যদিকে একজন প্রধান বিচারপতি হিসেবে কীভাবে তিনি নিজের ঘোষিত রায়ের পরিবর্তন করে দিতে তিনি পারেন?”
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে এক বাণীতে বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, অবসরের পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’।
‘একটি হীন রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিলের জন্য বিচারপতি খায়রুল হক ‘জাতিকে প্রতারিত করেছেন’ বলেও অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী।
মওদুদ আহমদ বলেন, “এর মধ্য দিয়ে তিনি শুধু নিজের বিবেককেই নয়, সারা জাতিকে প্রতারিত করেছেন। একদিন এই গুরুতর অপরাধের জন্য বাংলাদেশে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অবসরের পর রায় লেখা গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
মওদুদ আহমদ বলেন, দেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে সরকার নিশ্চিহ্ন করার ‘চক্রান্ত’ করছে।
“আমি অনেক মাস পর এরকম একটা আলোচনা সভায় এসেছি। কারণ দেশে কোনো রাজনীতি নেই বলে আসতে অনুপ্রাণিত বোধ করি না। দেশে ভ্যাকুয়াম অবস্থা বিরাজ করছে। মনে হয় যেন, সামথিং ইজ মিসিং। সবকিছুই আছে কিন্তু একটা কিছু নেই।”
তিনি বলেন, “এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আজকে না হোক কালকে, যখনই হোক। তাই সময় থাকতে তাদের উচিত হবে নিজেদের মঙ্গলের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। তাহলে তারাও বাঁচে, দেশও বাঁচবে, দেশের গণতন্ত্রও বাঁচবে।”
ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, “বিরোধী দলকে নিশ্চিহ্ন করা এত সহজ হবে না। সরকার নিশ্চিহ্ন করতে চায় বলে আমাদের উচিত হবে আমাদের নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা, বজায় রাখা।”
কোনো রকমের বিভেদ যেন দেখা না দেয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
