২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাডামই করে দেবে- এই অভ্যাসটা ছাড়েন: জাফরুল্লাহ

বিএনপির ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত না রেখে দলে গণতন্ত্র ফেরাতে কাউন্সিলরদের ‘অভ্যাস বদলের’ পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার পেশাজীবীদের এক সমাবেশে তিনি বলেন, “সামনে বিএনপির কাউন্সিল। সব ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত কইরেন না।… ম্যাডাম আপনিই করে দেন- এই অভ্যাসটা ছাড়েন।

নির্ধারিত সময়ের তিন বছর পর আগামী ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর যে কাউন্সিল হয়েছিল তাতে খালেদা জিয়াকেই চেয়ারপারসন করা হয়, যিনি ১৯৮৩ সাল থেকে দলটির নেতৃত্বে আছেন।

বিভিন্ন সময় খালেদা জিয়ার পাশে এক মঞ্চে বক্তব্য দিয়ে আসা জাফরুল্লাহ বলেন, “আমি এটা বিএনপির কাউন্সিলরদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু আপনাদের মেরুদণ্ড দেখাতে শেখেন। ভোট দিয়ে আপনারা নেতা নির্বাচিত করুন। বিএনপিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে প্রতিটি পর্যায়ে।”

আর তা করা গেলে আন্দোলন ‘অনেক সহজ হয়ে যাবে’ মন্তব্য করে সেই আন্দোলনে খালেদা জিয়ার সাফল্য কামনা করেন জাফরুল্লাহ চৌধুরী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগ দৈনিক আমার দেশের  ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “বিএনপির নেতৃত্ব পর্যায় থেকে কথা উঠেছে, একজনকে একটার পোস্টের বেশি দেবেন না। আমি যদি উপজেলার চেয়ারম্যান হই, আমার ভাইকে ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়েন না।

“এটা করা গেলে অনেক বেশি লোককে রাজনীতিতে নিয়ে আসা সম্ভব হবে। এটা গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে। এটা হলে রাজনীতির ময়দানের অনেক মানুষ সাহসী হয়ে রাস্তায় নামবে।”

কাউন্সিলের জন্য এখনো পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপি নেতারা অনুযোগ করে এলেও তা নিয়ে উদ্বিগ্ন নন জাফরুল্লাহ। তার মতে, ঢাকায় স্থান না পেলে দেশের যে কোনো জায়গায় সম্মেলন করা যেতে পারে।

“সরকার ঢাকায় কাউন্সিলের অনুমতি দিচ্ছে না, তাহলে ময়মনসিংহে কী অসুবিধা আছে?  চট্টগ্রামে কি অসুবিধা আছে? অন্য জেলায় করেন না কেন? … কাগমারীতে করেন।”

বিএনপিকে অতীত ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন বয়কটের আগে ২০১৩ সালে ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার ‘পটভূমি’ অনুষ্ঠানে তুলে ধরেন।

“২৯ ডিসেম্বর খালেদা জিয়া ওই কর্মসূচির ডাক দিয়েছিলেন। আমি উনাকে বলেছিলাম এই ডাকটা নভেম্বর মাসের ২২ তারিখ দিতে। দেন নাই। সাত দিন ঘর থেকে বেরোতে পারেননি। এই করে আজকে বিনাভোটের সরকার কি বড় গলায় উন্নয়নের ধারার কথা বলে বেড়াচ্ছে… সেজন্য আমাদের নিজেদের অতীতের ভুলক্রটির দিকেও তাকাতে হবে। ভুল থেকে শিখতে হবে। আমাদের আরও কৌশলী হতে হবে।”

প্রধান বিচারপতির উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “মাহমুদুর রহমানের কেন তিনবছর লাগল আপনার দরজায় পৌঁছতে? …. এ ব্যাপারে আপনার (প্রধান বিচারপতি) দৃষ্টি আকর্ষণ করছি। তা না হলে শুধু সুন্দর কথায় এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না।”

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন জেলায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গেও কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

“মাহফুজ আনামের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্মলীগ এবং সরকারি কৌঁসুলিরা মামলা করেছেন। প্রথম সাতদিন এই দলীয়, ওই দলীয় সব সাংবাদিকরা চুপ করে বসে থাকলেন। যে নিউজের জন্য মাফ চাইলেন, সেই একই অপরাধ তো অন্যান্য সম্পাদকরাও করেছিলেন। এটা আসে কি করে? একমাত্র নিউ এইজের সম্পাদক নূরুল কবীর ছাড়া প্রত্যেকে তো ওই সংবাদ ছাপিয়েছে।”

মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের পর ‘গণমাধ্যম যে ভূমিকা নিয়েছিল’ তারও সমালোচনা করেন তিনি।

“ওই সময় সব সংবাদপত্র ও সাংবাদিকরা চুপ করে থাকলেন। আপনাদের গায়ে বাতাস লাগবে না। মাহমুদুর রহমান তো ইসলামপন্থি- লাগুক তার গায়ে বাতাস, আমার কি আসে যায়…।

“আজকে টের পেয়েছেন মাহফুজ আনাম। আপনি যেমন রেহাই পাননি, অন্যরাও পাবেন না। প্রত্যেকের গায়ে এই বাতাস লাগবে।”

বিএনপির ১৪ হাজার নেতাকর্মীকে ‘বিনাবিচারে কারাবন্দি’ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য দেন।