রাজ্জাকের মুক্তচিন্তার চেতনা ধরে রাখার আহ্বান নাসিমের
আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার নেতা ছিলেন মন্তব্য করে তার সেই চেতনা ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, “জননেতা রাজ্জাক ভাই অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার নেতা। বাংলাদেশে আজ সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার জন্য একটি অশুভ শক্তি কাজ করে যাচ্ছে। এ সময়ে তাকে আমাদের স্মরণে রাখতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতিবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে ‘জননেতা আব্দুর রাজ্জাক ট্রাস্ট ফান্ড’ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থীকে বৃত্তির চেক ও সনদ দেওয়া হয়।
আব্দুর রাজ্জাক এই বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার ঘনিষ্ঠ যারা ছিলেন, তাদের একজন রাজ্জাক ভাই।
“তিনি পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছেন, সুসংগঠিত করেছেন। দলে তার তুমুল জনপ্রিয়তা ছিল, এতে কোনো সন্দেহ নেই।”
“মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা উত্তর কালে … বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন দলের নেতৃত্বে আসেন তখন তার সঙ্গেও দিনরাত পরিশ্রম করেছেন দলকে সংগঠিত করতে”, যোগ করেন তিনি।
নব্বইয়ের দশকের শুরুতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে আব্দুর রাজ্জাকের সক্রিয় ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলেন ধরেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রাজ্জাক ভাই জাহানারা ইমামের নেতৃত্বে সেই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো মানুষের সমাবেশ গড়ে তুলেছিলেন। সেদিন তিনি অসুস্থ শরীর নিয়ে কীভাবে জাহানারা ইমামের পাশে ছিলেন তা মনে পড়ছে।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সৎ ও জনপ্রিয় রাজনীতিবিদ বলতে যা বোঝায় তা ছিলেন আব্দুর রাজ্জাক। সে কারণে তাকে স্মরণে নিয়ে সততার সঙ্গে নিজেদের ধরে রাখতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারপারসন ও তার স্ত্রী ফরিদা রাজ্জাক, ছেলে সাংসদ নাহিম রাজ্জাক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বক্তব্য দেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের ছাত্রী মুক্তা জাহান, অষ্টম ব্যাচের সিরাজুম মুনিরা ও সপ্তম ব্যাচের শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে বিভাগের আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক জয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় আবু সুফিয়ানের। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।
