২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনা দরকার, লেবার পার্টিকে বিএনপি

বর্তমানে বাংলাদেশে ‘গণতন্ত্র নেই’ দাবি করে পরিস্থিতির উত্তরণে ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলকে বলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বাঙালির মুক্তিসংগ্রামে যুক্তরাজ্যের সহায়তার প্রসঙ্গ তুলে বিএনপি নেতারা তাদের কাছে প্রশ্ন তুলেছেন, স্বাধীনতা সংগ্রামের ‘মূল উপজীব্য’ গণতন্ত্রই যদি না থাকে তাহলে সেদিন কেন তারা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন?

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’র চেয়ারম্যান হাওয়ার্ড ডবারের নেতৃত্বাধীন ওই দলে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যও রয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান আলোচনার বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘স্বাভাবিক নয়’-এ উপলব্ধি থেকেই লেবার পার্টির নেতারা বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন বলে তাদের মনে হয়েছে।  

“গণতন্ত্রের বিষয়টি আলোচনায় এসেছে। একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ে যুক্তরাজ্যের বিশেষ ভূমিকা ছিল। ব্রিটিশ পার্লামেন্ট ও বিবিসি, বিলাতের লেবার পার্টি তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন এই কারণে যে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উপজীব্য ছিল গণতন্ত্র।

“আমরা জোর দিয়ে বলেছি, আমরা একাত্তর সালে যে আদর্শের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তখন ব্রিটেন আমাদের প্রবলভাবে সহায়তা করেছিল। সেই গণতান্ত্রিক পরিবেশ যদি এখানে আজকে বিদ্যমান না থাকে, তাহলে কী জন্য তারা আমাদের সাহায্য করেছিল?”

ভারতের প্রবীণ সাংবাদিক কূলদীপ নায়ারও সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন বলে দাবি করেন মঈন খান।

তিনি বলেন, “১৯৭১ সালে যে মূল্যবোধের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই মূল্যবোধগুলো আজ বাংলাদেশে নেই, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে।

“একথাটি আজকে বিশ্বের অনেক দেশই জোর দিয়ে বলছে যে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় স্বাধীন দেশ হিসেবে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই স্বাধীনতা কিন্তু সত্যিকার অর্থে গণমানুষের জন্য অর্থবহ হবে না।”

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “আমরা তাদের স্পষ্ট করে বলেছি- গণতন্ত্র ব্যতিরেকে শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের কোথাও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

“আজকের পশ্চিমা বিশ্বও বিশেষ করে ব্রিটেন তারা যেমন উন্নয়নের শিখরে আছে তার পেছনে যে সত্যটি কাজ করেছে, সেটা হচ্ছে তারা নিজেদের দেশে মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে এবং মানুষের অধিকার রক্ষা করেছে। আজকে বাংলাদেশের বেলায় এসব প্রযোজ্য হচ্ছে না।”

পরিস্থিতি উত্তরণের প্রাথমিক ধাপ হিসেবে ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়ে মঈন খান বলেন, “আজকে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা আমাদের দ্বন্দ্ব যেন নিরসন করতে পারি।

“মূল উদ্দেশ্য হবে এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক মতামত দিতে পারবে এবং তাদের মতামতের ভিত্তিতে একটি প্রতিনিধিত্বশীল সরকার এদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

ঘণ্টাব্যাপী বৈঠকে হওয়ার্ড দবের ছাড়াও লেবার পার্টির এমপি কেইর স্টার্মার, এমপি স্টিফেন টিমস, এমপি স্টিভ রিড এবং ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’র মহাসচিব মতিন উজ-জামান, ভাইস চেয়ারম্যান নাসিম আলি ও রবার্ট ইভান্স, নির্বাহী সদস্য রবার্ট ল্যাথাম, আব্দুল হাই ও সৈয়দ আবুল বাশার, কোষাধ্যক্ষ ক্রিস ওয়েভার্স ছিলেন।

বিএনপি নেতাদের ফখরুল ও মঈন খান ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।

লেবার পার্টির এই প্রতিনিধি দল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পোশাক শিল্প মালিক সংগঠনের নেতাদের সঙ্গে বসার কথা রয়েছে তাদের।

‘মিলিত হও, শোনো ও (বাংলাদেশের কাছ থেকে) শেখো’ বিষয়ক একটি কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার সাত দিনের সফরে ঢাকায় আসেন তারা।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাদের বৈঠকের কথা থাকলেও খালেদা জিয়ার না থাকার প্রসঙ্গে জানতে চাইলে মঈন খান বলেন, “তারা একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। আমরা একটি রাজনৈতিক দলের প্রতিনিধি।

“বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমরা সবাই কথা বলেছি। এখানে বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করে।”

বৈঠকের পর লেবার পার্টির প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু বলা হয়নি।