বিএনপির কাউন্সিল ‘ভণ্ডুলের’ ষড়যন্ত্রে সরকার: নোমান
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সরকার বিএনপির কাউন্সিল ‘ভণ্ডুলের’ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
নোমান বলেন, “সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলমান আন্দোলনের নেত্রী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেত্রী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নেত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বহু মামলা দিয়েছে।
“সর্বশেষ যে মামলা করেছে, তাতে তাদের লক্ষ্যই হচ্ছে, আমরা মার্চে যে সুসংগঠিত কাউন্সিল করতে যাচ্ছি, তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কাউন্সিলের সফলতা বিনষ্ট করা। এটা তাদের (সরকার) একটি দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র।”
তবে সব ষড়যন্ত্র ও দুরভিসন্ধি মোকাবেলা করে কাউন্সিলের কার্য্ক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়। গত ২৩ জানুয়ারি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মার্চের তৃতীয় সাপ্তাহে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়।
নোমান বলেন, “আমরা এখনো ভেন্যু (স্থান) পাইনি। এই ভেন্যু না দেওয়াটাও একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। সরকার এই ষড়যন্ত্র করছে। তারা আমাদের নেত্রীকে কাউন্সিলের কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
“সরকারের কাছে আমাদের দাবি, এটা আমাদের অধিকার। গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় রাজনীতিতে বিরোধী দলের যে স্পেস থাকে, সেই স্পেসে আমাদের কাউন্সিল করার অধিকার আছে। সেখানে আমাদের স্থান পাওয়ারও অধিকার রয়েছে।”
সকালে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী ও সদ্য কারামুক্ত ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে জিয়ার কবরে যান নোমান। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন।
এ সময়ে ছাত্র দলের সাবেক নেতা আমিরুল ইসলাম আলীম, শহীদুল ইসলাম বাবুল ও আমিরুজ্জামান থান শিমুল উপস্থিত ছিলেন।
