২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা যথাযথ: কামরুল

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ নিয়ে সংশয় প্রকাশ করায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদান নেই বরে বিএনপি নেতাদের দাবি নাকচ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

তিনি বলেছেন, “খালেদার নামে রাষ্ট্রদ্রোহ মামলা যথার্থ হয়েছে। যিনি এই মামলা করেছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই মামলাটি করেছেন।”

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘তথ্যের মিছিল’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন আইনজীবী কামরুল।

খালেদা জিয়ার বক্তব্যের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

বিএনপি অভিযোগ করে আসছে, জিয়া পরিবারকে হেয় এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে এই মামলা করা হয়েছে।  

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা মীমাংসিত মন্তব্য করে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পর মীমাংসিত বিষয় নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত।”

শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য রাখার পরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই মন্ত্রী। 

“রাজনীতি নিয়ে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত বক্তব্য, জাতির পিতার অপমান মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কটাক্ষ করলে তাকে শাস্তি পেতে হবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার বন্ধ করুন,” বিএনপি নেতাদের উদ্দেশে বলেন তিনি।

অনুষ্ঠানে কামরুল ছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রকাশিত গ্রন্থটির সংকলক ফিরোজ মাহমুদ।

পুরনো খবর:

রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদার নামে সমন