শহীদদের 'সম্মান জানাতে' নামের তালিকা চান বিএনপি'র নজরুল
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ মামলার পর 'শহীদদের সম্মান জানানোর কর্তব্য পালনে' তাদের নামের তালিকা করার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি- মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, হচ্ছে; আমরা সন্মানি ভাতা পাচ্ছি। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন- তাদের সম্মান জানানো কি আমাদের কর্তব্য নয়?
“শহীদদের নাম লিপিবদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের আমলে সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটি প্রথমে ২৮ হাজার শহীদদের নাম লিপিবদ্ধ করেছিল। কিন্তু এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়, পরে দুই লাখের বেশি নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।”
বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে কথা বলার সমযে জাতির জনক শহীদদের সংখ্যাকে 'থ্রি মিলিয়ন' বলেছিলেন বলে দাবি করেন বিএনপি নেতা নজরুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা মহানগর শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, এমআর আখতার মুকুলসহ অনেক বুদ্ধিজীবী অনেক সময়ে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একেক রকম সংখ্যা উল্লেখ করেছেন।
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো মুক্তিযুদ্ধে শহীদদের কোনো সংখ্যা বলেননি। তার বক্তব্যে কেন মামলা হলো? তার বক্তব্যে দেশদ্রোহিতার কোনো উপাদান নেই।”
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা আসে।
বিএনপি নেত্রীর এই মন্তব্য নিয়ে ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
পরদিন তার অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছেন এক মহানগর হাকিম।
খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে সরকার এই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে বলে আলোচনা সভায় অভিযোগ করেন দলের নেতা নজরুল।
তিনি বলেন, “তারা মামলাবাজ সরকার। এভাবে মিথ্যা মামলা দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আমরা মনে করি, দেশনেত্রীর বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দিয়ে তারা (সরকার) তাদের কফিনে শেষ পেরেক দিয়েছে।”
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে নজরুল বলেন, “দেশনেত্রীকে সরকার ভয় পায়। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা জনগণ মেনে নেবে না। যত অত্যাচার করুন না কেন, জনগণের বিচার হবে শেষ বিচার। মানুষ জেগে উঠলে এ সরকারের পতন অনিবার্য।”
মহানগর জাগপা সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুফর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
