২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসার ফটকে আদালতের সমন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের জারি করা সমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র ফটকে সেঁটে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদার নামে সমন

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন কর্মচারী মঙ্গলবার সমনটি নিয়ে খালেদার বাসায় আসেন বলে সেখানকার এক নিরাপত্তারক্ষী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার কেউ নোটিশটি গ্রহণ না করায় আদালতের বার্তাবাহক জাবিদ হোসেন বাচ্চু সেটি গেইটের ডান পাশে ঝুলিয়ে দিয়ে যান।”

বাচ্চু আদালতের সমন নিয়ে বেলা ১২টার দিকে খালেদা জিয়ার বাসায় যান বলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নেজারত বিভাগের কর্মচারী খোরশেদ মিয়া জানান।

“ওই সমন গ্রহণ করানোর জন্য তিনি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা করেন। কিন্তু কেউ গ্রহণ করেননি। পরে তিনি সমনটি খালেদা জিয়ার বাসভবনের ফটকে সাঁটিয়ে চলে আসেন।”

সমনে আগামী ৩ মার্চ খালেদাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে এক মন্তব্য নিয়ে সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। 

তার অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছেন এক মহানগর হাকিম।

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা এসেছে।