বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই খালেদার: নূর
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবারে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার নাম উল্লেখ না করে তিনি বলেন, “তিনি তার কথার মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক নন। তাই তিনি বাংলাদেশে থাকতে পারেন না। ... বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আপনার নেই।”
গত ২১ ডিসেম্বর এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার ওই বক্তব্যের তীব্র সমালোচনা চলছে; মামলাও হয়েছে তার বিরুদ্ধে।
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সংস্কৃতি মন্ত্রী।
তিনি বলেন, “যারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সাধারণ মানুষের আত্মত্যাগে বিশ্বাস করে না, জাতির পিতার অবদানের কথা স্বীকার করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে, ভূলুণ্ঠিত করে- তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।”
১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার কথা জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “সেই সুবাদে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনার সৌভাগে হয়েছিল আমার।
“সেই ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ভাষণ শোনার পরে ৮ মার্চ ঢাকা থেকে গ্রামে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।”
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স।
