২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ: এইচ টি ইমাম

বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ মন্তব্য করে তিনি বলেন, “এদেশের মানুষ কেন এগিয়ে যাবে, ভালোভাবে থাকবে, ভালো পোশাক পরবে, শিক্ষায়-চিকিৎসায় উন্নতি করবে- এসব দেখেই বিএনপির গাত্রদাহ হয়।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ‘পৈশাচিক নৃত্যে’ মেতেছিল অভিযোগ করে এইচ টি ইমাম বলেন, “৫ জানুয়ারি কী কারণে বিএনপি পৈশাচিক নৃত্যে মেতেছিল? এই ধরনের বর্বরোচিত পৈশাচিক আচরণ তারা সাধারণ মানুষের ওপর করতে পারে না। কাজেই ধরে নিতে হবে, তাদের আক্রমণটি জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে।”

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে-পরে বিএনপির জ্বালাও-পোড়াও নিয়ে ওই অনুষ্ঠান আয়োজন করে ‘আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ’।

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদার দল বিএনপি ও তার শরিকরা। নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর দীর্ঘদিন পর বিএনপিকে সংসদের বাইরে থাকতে হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাধারণ মানুষেরও প্রাণহানি হয়। গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ঢাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশের পথ বন্ধ করে দিলে খালেদা টানা অবরোধের ঘোষণা দেন।

এরপর তিনমাসে নরিজবিহীন সহিংসতা ও নাশকতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়, যার পেছনে বিএনপিকেই দায়ী করে আসছেন আওয়ামী লীগ নেতারা।

বিএনপি যেভাবেই হোক বাংলাদেশকে ধ্বংস করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ইমাম বলেন, “একাত্তরে যেভাবে পাকিস্তানি হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, একই কায়দায় ২০১৫ সালে তার পুনরাবৃত্তি করে বিএনপি।” 

দেশের ‘সব নারকীয় ঘটনার’ পেছনেই বিএনপি বলেও অভিযোগ করেন তিনি।

এইচ টি ইমাম বলেন, “একাত্তর, পঁচাত্তর এবং তার পরবর্তীতে যত সব নারকীয় ঘটনা ঘটেছে- এমনকি ২০০১-০৬, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা, সবগুলো একই ধারাবাহিকতা চলে এসেছে। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপি এর চরম পরিণতি ঘটিয়েছে।”

দেশের গণতন্ত্র ‘ধ্বংস’ হয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আমরা বলব, সারা দুনিয়া বলবে, এই সময় আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।

“দেশের জনগণ তাদেরকে (বিএনপি) প্রতিরোধ করেছে। সেই প্রতিরোধের ফলেই ৯০ দিনের আন্দোলন শেষে বেগম জিয়া বাধ্য হয়ে সুড়সুড় করে বাসায় ফিরে গেছেন।”

গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে গুলশানে নিজের কার্যালয় থেকে নয়া পল্টনের ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে যেতে না পেরে টানা অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া। সেসময় তিন মাস ওই কার্যালয়েই ছিলেন তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।