২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর রায়: আদালত ও আইনজীবীদের নৌমন্ত্রীর ধন্যবাদ

সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল থাকায় আদালত ও আইনজীবীদের ধন্যবাদ জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:02 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

রায় বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই নিজামীর রায়ের খবর পৌঁছায়।

মন্ত্রী বলেন, “আমরা জানতে পেরেছি, আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যাকারী এবং রাজাকারদের নেতৃত্ব দিয়ে মুক্তিযোদ্ধা হত্যাকারী নিজামীর ফাঁসির রায় বহাল রেখেছেন আদালত।

“এজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক, আইনজীবী ও আপিল বিভাগের বিচারপতিদের ধন্যবাদ জানাই।”

‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের’ এ কর্মসূচির আয়োজন করে। শাজাহান খান এর আহ্বায়ক।

সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত বাস্তবায়ন করা হবে মন্তব্য করে নৌমন্ত্রী বলেন, “আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার করছি। ইতোমধ্যে চারজনের ফাঁসি কার‌্যকর হয়েছে। বাকী সবারও বিচার বাস্তবায়ন হবে।”

বাংলাদেশি এক কূটনীতিককে ফিরিয়ে নিতে বলায় পাকিস্তান সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।”

ঢাকায় পাকিস্তান দূতাবাসকে ‘কাসিম বাজার কুঠি’ হিসেবেও অভিহিত করেন তিনি।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সম্প্রতি ঢাকায় নিযুক্ত কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

বুধবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এক বাংলাদেশি কূটনীতিককে পাকিস্তান ফিরিয়ে নিতে বলেছে। তবে বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিতে বলার কোনো কারণ জানা যায়নি।

মন্ত্রীর বক্তব্যের পরই অবস্থান কর্মসূচি ‘রায় উদযাপনের’ কর্মসূচিতে পরিণত হয়। ঢোল, করতাল বাজিয়ে অনেকে এসময় আনন্দ প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা, সাংবাদিক আবেদ খান, জাসদনেত্রী শিরীন আখতার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধারাও অংশ নেন।