সমাবেশ শান্তিপূর্ণ হবে: বিএনপি
৫ জানুয়ারিতে বিএনপি কোনো ‘সাংঘর্ষিক কর্মসূচিতে’ না গিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বলে আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিটি করপোরেশনের কাছ থেকে সমাবেশের অনুমতি পাওয়ার আগে সোমবার দুপুরে এর প্রস্তুতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ আশ্বাসের কথা শোনান তিনি।
মির্জা ফখরুল বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- যেখানেই সরকার অনুমতি দেবে, সেখানেই আমরা জনসভা করতে চাই। জনসভার করার অনুমতি এখন পর্যন্ত আমরা পাইনি।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, ৫ জানুয়ারির জনসভা হবে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। আমরা এ-ও নিশ্চিতভাবে বলতে চাই, আমরা সংঘর্ষের রাজনীতি করি না; আমরা কোনো সাংঘর্ষিক কর্মসূচিতে যাবো না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে সমাবেশের প্রস্তুতি নিয়ে এ বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
পরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা’ অযথা বিএনপির জনসভা নিয়ে ‘রাজনৈতিক উত্তাপ’ সৃষ্টি করার চেষ্টা করছেন।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আমাদের জনসভা হবে শান্তিপূর্ণ; কোনো রকমের সাংঘর্ষিক কোনো কর্মসূচিতে যাবো না।”
অনুমতি পাওয়াসাপেক্ষে জনসভা সফলভাবে আয়োজন করতে সরকারসহ সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা চান মির্জা ফখরুল।
“আমরা কালকে জনসভা সফল করার জন্য মহানগর ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বসেছিলাম। যদিও আমরা এখন পর্যন্ত জানি না আমাদের জনসভা করার অনুমতি দেবে কি না।
“আমরা আশা করতে পারি, গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের একটা প্রচেষ্টা থাকবে। আমাদের মৌলিক অধিকার জনসভার করার অধিকার প্রয়োগ করার জন্য সরকার যাবতীয় সহযোগিতা করবেন এবং আমাদেরকে জনসভা করার অনুমতি দেবেন।”
নির্বাচনের দুই বছরপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিলেও ওই জায়গা কেউ পাচ্ছে না; এর মধ্যেই দুই দলকে নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
তবে সমাবেশ করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
সোহরাওয়ার্দী উদ্যানে কোন দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে সে বিষয়ে রোববার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করলে কাউকেই অনুমতি দেওয়া হবে না।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি গত বছরের ওই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগও ‘গণতন্ত্র রক্ষা দিবস’ নাম দিয়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনার মধ্যে সমাবেশের অনুমতি না পেয়ে খালেদা জিয়া লাগাতার অবরোধ চালানোর ডাক দেন। তিন মাসের ওই কর্মসূচি চলার সময় পেট্রোল বোমা ছুড়ে ও গাড়িতে আগুন দিয়ে প্রায় দেড়শ মানুষকে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এসময় উপস্থিত ছিলেন।
