২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবমূর্তি সংকটের কারণে ভোট পাইনি: এরশাদ

পৌরভোটে দলের ভরাডুবির জন্য নিজেদের ‘ভাবমূর্তি সংকট’ দায়ী বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 07:47 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

পাশাপাশি জাতীয় পার্টি শুধু নামে বিরোধীদলের অবস্থানে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এরশাদ বলেন, “ইমেজ সংকটের কারণে আমাদের কেউ ভোট দেয় না। তাই পৌরসভা নির্বাচনে আমরা ভোট পাইনি।”

“আমাদের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ যদি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন এবং আমি যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি পাই, তাহলে আমাদের ইমেজে যে সংকট আছে তা আর থাকবে না।”

জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

নিজের দলের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে এরশাদ বলেন, “জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে থাকুক তা আমি চাই। কিন্তু সংসদে বিরোধীদল হিসেবে থাকলেও কাগজে আমাদের লেখা হয় না। সেখানে বিরোধীদলের ভূমিকায় লেখা হয় বিএনপিকে; যা ঠিক নয়।”

বিরোধীদলীয় নেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হোসেন বাবলা, উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।