এবার ভুল করবেন না খালেদা: তোফায়েল
সিটি করপোরেশন নির্বাচনে মাঝপথে সরে গিয়ে বিএনপি ভুল করেছিল মন্তব্য করে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, পৌরসভা নির্বাচনে দলটি আর সে ‘ভুল’ করবে না বলে তিনি মনে করছেন।
বুধবার সারা দেশের ২৩৪ পৌরসভা ভোটের আগের দিন সরকারের এই মন্ত্রী বলেছেন, ভোট অবাধ ও নিরপেক্ষ হবে।
“খালেদা জিয়া আর ভুল করবেন না। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন।”
নির্বাচনে কারচুপির শঙ্কার ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচনে ১১টার মধ্যে বলে দিলেন, ভোটে কারচুপি হয়েছে। কারচুপিই যদি হয়, তাহলে উত্তরে ১১টার মধ্যে তিন লাখ ভোট কীভাবে পায়?”
দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিয়েছিল। জালিয়াতির অভিযোগ তুলে মাঝপথে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
ওই ভোটে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল পান ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট, যেখানে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “আমাদের আমলেতো প্রশ্ন করতে পারছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না। বিএনপির আমলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো প্রশ্নই ছিল না।”
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ভোলায় ৫ পৌরসভার একটাতেও আওয়ামী লীগ প্রার্থী দাঁড়াতেই পারেনি উল্লেখ করে তিনি বলেন, “আর আমাদের আমলে এতগুলো সিটি নির্বাচনে তারা জিতেছে, আমরা একটাও নিতে পারতাম না? গাজীপুরতো গোপালগঞ্জের পর আওয়ামী লীগের ঘাঁটি।
“আপনাকে মনে করিয়ে দেই, ওই নির্বাচনের আগে মওদুদ আহমদসহ বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কারচুপি করে আমরা নিয়ে নিব। প্রত্যেকটা নির্বাচনের আগে বিএনপির একই কথা, নির্বাচনে কারচুপি হবে।”
‘নির্বাচনেই সংকট উত্তরণ’
যে কোনো রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনকেই বড় হাতিয়ার বলে মনে করেন প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক সংকট উত্তরণ হয় নির্বাচনের মাধ্যমে। বিএনপি পৌরসভা নির্বাচন করছে। সাত বছর পর নৌকা এবং ধানের শীষের মধ্যে লড়াই হবে।
“যারা ৫ জানুয়ারির নির্বাচন করলেন না, তারা পৌরসভায় অংশগ্রহণ করছেন- এটাইতো গণতন্ত্র।”
গত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে মন্তব্য করে খালেদা জিয়ার এবারের অবস্থানের প্রশংসা করেন তোফায়েল।
তিনি বলেন, “অত্যন্ত প্রশংসাযোগ্য খালেদা জিয়া। তিনি বলেছেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচনে থাকবেন। এখন আপনারা দেখেন, শেষ পর্যন্ত কী হয়।”
আওয়ামী লীগ সব সময় ‘ভিক্টরি সেন্সে’ সব নির্বাচনে অংশ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “সত্তরের নির্বাচনেও সবাই বলেছে, শাসনতন্ত্র প্রণয়ন করতে প্রেসিডেন্টের অনুমোদন লাগবে। এই নির্বাচনে গিয়ে কোন লাভ হবে না।
“কিন্তু বঙ্গবন্ধু নির্বাচনে গেলেন। তিনি বললেন, আমি দেখতে চাই, এই অঞ্চলের নেতা কে? নির্বাচনের আগে তিনি ভোলা থেকে ঘুরে আসলেন। বললেন, ওরা (পাকিস্তানিরা) রিলিফ দিতে আসে নাই। তিনি বাংলার মানুষকে এক করে ফেললেন।”
বিএনপিকে নিয়ে তিনি বলেন, “আমার থেকে যদি কেউ বুদ্ধি পরামর্শ নিত, নেওয়ার প্রশ্ন আসে না। তারপরও বলি, আমি বলতাম বিএনপি তিনটা ভিক্টরি সেন্সে নির্বাচনে যেতে পারত।”
তবে সেই তিন ‘ভিক্টরি সেন্স’ খোলাসা করেননি তোফায়েল আহমেদ।
