পৌরভোট: খবর জানাতে পল্টনে কেন্দ্র খুলছে বিএনপি
পৌরসভা নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন জায়গা থেকে দলীয় সূত্রে আসা তথ্য সাংবাদিকদের জানাতে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য কেন্দ্র খুলেছে বিএনপি।
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে এই কেন্দ্রও কাজ শুরু করবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নয়া পল্টনের কার্যালয়ে সকাল ৮টা থেকে আমরা গণমাধ্যমকে তথ্য দিতে প্রস্তুত থাকব। সময় সময় আমরা যেসব তথ্য পাব, তা আপনাদের জানিয়ে দেব।”
২৩৪ পৌরসভায় দলীয় প্রার্থী ও তার এজেন্টদের ভোট পরিস্থিতির তথ্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে টেলিফোন, ফ্যাক্স অথবা ই-মেইলে জানানোর অনুরোধ করা হয়েছে্।
গুলশানে যেসব নম্বরে ফোন করতে হবে-
সিলেট বিভাগ: ০২-৮৮৩১৯৯১, বরিশাল বিভাগ: ০২-৮৮৩৩২০৩, খুলনা বিভাগ: ০২-৫৫০৫১৯৬৮, ঢাকা বিভাগ: ০২-৫৫০৫২০০১, রংপুর বিভাগ: ০২-৫৫০৫২০০৫, চট্টগ্রাম বিভাগ: ০২-৫৫০৫২০০৭।
এছাড়া ০২- ৯৮৮৩৪৫২ ও ০২-৫৫০৫২০০৬ নম্বরে ফ্যাক্স এবং bnpme2015@gmail.com ঠিকানায় মেইল করতে হবে।
নয়া পল্টনে যেসব নম্বরে ফোন করতে হবে-
০২-৯৩৬১০৬৪ ও ০২-৯৩৩০৮১৯।
এছাড়া ০২-৮৩১৮৬৮৭ নম্বরে ফ্যাক্স এবং bnpcentral@gmail.com ঠিকানায় মেইল করতে হবে।
সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা মহানগরের ডিআইজি এস এম মনির-উজ-জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষ নেওয়ার অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “খুলনা বিভাগের যে সকল পৌরসভায় নির্বাচন হচ্ছে সে সকল এলাকার থানার ওসিকে বিএনপি মনোনীত প্রার্থী-কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়ার জন্য ডিআইজি সরাসরি নির্দেশ দিয়েছেন। মানে সরাসরি ডিআইজি ওসিদের নির্দেশ দিচ্ছেন তারা যেন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেন, যাতে তারা নির্বাচনের দিন এজেন্ট না হয় এবং ভোট দিতে না যায়। মূলত বিএনপির নেতা-কর্মীদের এলাকা ছাড়া করার জন্যই এই নির্দেশ দিয়েছেন।
“ডিআইজির এই নির্দেশ বিভাগের অনেক জেলার পুলিশ সুপাররাও জানেন না বলে আমরা জানতে পেরেছি। এ হচ্ছে সরকারের প্রশাসনের স্বরূপ যার নগ্ন বহিঃপ্রকাশের একটা জলন্ত উদাহরণ।”
সংবাদ সম্মেলনে গাজীপুরের শ্রীপুর, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁদপুরের কচুয়া, বরিশালের মূলাদি, গৌরনদী, নোয়াখালীর চৌমনি, ভোলা, বগুড়ার শিবগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুর, বরিশালের মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের বাড়িতে হামলা করে ‘ভয়-ভীতি’ দেখানো, প্রার্থীদের বাড়িতে ‘হামলা’ ও বহিরাগত সন্ত্রাসীদের অবস্থানের নানা অভিযোগ করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিএনপির সহসভাপতি আনোয়ার আলী মৃধা রতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
