২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা ‘ইতিহাস হত্যাচেষ্টা’ করছে: ইনু

যারা একাত্তরের যুদ্ধাপরাধ অস্বীকার করছেন তারা ‘ইতিহাস হত্যাচেষ্টার’ অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সচিবালয়ে মঙ্গলবার ‘৭১-এর যুদ্ধশিশু-অবিদিত ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি এই মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মুস্তফা চৌধুরী সংকলিত বইটি প্রকাশ করেছে ঢাকার অ্যাকাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি।

বাংলাদেশের সব সরকারি-বেসরকারি অফিস, পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থায় বইটি সংরক্ষণের ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মুস্তফা চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, বহুদিন পরে হলেও মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নারী নির্যাতন ও যুদ্ধাপরাধের বিচার চলছে।

“যুদ্ধশিশুদের ওপর গবেষণালব্ধ এ গ্রন্থটি সেই নির্যাতন ও যুদ্ধাপরাধের সাক্ষ্য বহন করছে। যারা তা অস্বীকার করছেন তারা যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং ইতিহাস অস্বীকার করা- এই দুই অপরাধের দায়ে অভিযুক্ত।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধশিশুদের লালন-পালনে ‘পরিত্যক্ত শিশু আইন’ প্রণয়ন করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

যুদ্ধশিশুদের দত্তক নিয়ে লালন-পালনের জন্য কানাডীয় পরিবারগুলোর প্রশংসা করেন তিনি।