খালেদার মুখে পাকিস্তানের ভাষা: তোফায়েল
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য পাকিস্তানের ভাষ্যের প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মন্তব্যের আগে বিএনপি নেত্রীকে ইতিহাস নিয়ে পড়াশুনারও পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “ইতিহাস জানতে হলে লেখাপড়া করতে হবে। আপনি আইয়ূব খানকে নিয়ে তার প্রেসসচিবের লেখা বই ‘আইয়ূব খান’ পড়ুন। তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কি না, সে সময় গোলটেবিল বৈঠক আলোচনায় কী কথা হয়েছে তা জানতে পারবেন।”
গত সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন, “তিনি (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।”
বিএনপি সমর্থক মুক্তিযোদ্ধাদের ওই সভায় একাত্তরে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
তার এই বক্তব্য প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, “আজকে যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে যায় তারা মূলত পাকিস্তানি। বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা পাকিস্তানের ভাষা। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ নিয়ে পাকিস্তান যে ভাষায় কথা বলেছে, খালেদা জিয়া একই ভাষায় কথা বলেছেন। বেগম খালেদা পাকিস্তানি।”
গত মাসে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর উদ্বেগ জানায় পাকিস্তান। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় একাত্তরে বাংলাদেশে গণহত্যা চালানোর কথা অস্বীকার করে ইসলামাবাদ।
এর কয়েক দিনের মধ্যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেত্রী।
তার বক্তব্যের সমালোচনা করে একই আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “দুই ক্লাস কম মেট্রিক পাশ করে আপনি (খালেদা জিয়া) যা ইচ্ছা তা বলে যাচ্ছেন। হঠাৎ করে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে তত্ত্ব দিচ্ছেন, তা জনগণ মেনে নেবে না।”
বিএনপি নেত্রী এখন মামলার ভয়ে ‘পেট্রোল বোমা ছেড়ে পৌর নির্বাচন বোমায়’ এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ।
প্রয়াত নেতা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “দলমত নির্বিশেষে প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধুর অতি আদরের আব্দুর রাজ্জাক সকল দলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় ছিলেন।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সভায় আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
আয়োজক সংগঠনের সভাপতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নানের সভার সভাপতিত্ব করেন।
