সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়েছে: সিইসিকে জাপা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পৌর নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।
পরে সাংবাদিকদের বাবলা বলেন, “আমরা বলেছি, পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া খুবই দুরূহ হয়ে পড়েছে। দলীয় প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে ক্ষমতাসীন দলের লোকজন; তাদের হাতে আমাদের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মন্তব্যের দুইদিন পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে এলো দলটি।
জাতীয় পাটির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়, লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে; জয়পুরহাটের মেয়র প্রার্থী তিতাস মোস্তফাকে ভয়ভীতি দেখানো হচ্ছে; ফেনী পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হককে জোর করে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।
কুয়াকাটায় মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে মারধর করার বিষয়টিও তুলে ধরে জাতীয় পার্টির প্রতিনিধি দল।
বাবলা বলেন, “সিইসি আমাদের বলেছেন- তারা ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা যেসব ঘটনা চিহ্নিত করেছি, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।”
জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি, সাইদুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ও নুরুল ইসলাম নুরু এ সময় উপস্থিত ছিলেন।
