২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার সঙ্গে ‘গ্যারান্টি’ চায় বিএনপি

সারাদেশে ক্ষমতাসীনরা ‘সন্ত্রাস’ চালাচ্ছে অভিযোগ করে পৌর ভোটের দিন বিএনপি প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার ‘গ্যারান্টি’ চেয়েছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 12:56 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

দিনাজপুর সদর, ফুলবাড়ি, বিরামপুর ও হাকিমপুর পৌরসভায় ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকায় ফিরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, “পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও প্রশাসন একাকার হয়েছে গেছে। ক্ষমতাসীনরা বেপরোয়াভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, সরকারদলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করবেন না, প্রশাসনযন্ত্রকে নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করুন।”

রিজভী বলেন, “ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে। ভোটাররা যাতে তাদের ইচ্ছামতো ভোট দিতে পারেন, তার গ্যারান্টি দিতে হবে।”

নইলে ‘মিরজাফরের মতো বিশ্বাসঘাতকতার তকমা’ দীর্ঘকাল নির্বাচন কমিশনকে বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে নির্বাচনে বিএনপি প্রার্থীদের ওপর ‘হামলা-হয়রানির’ নানা অভিযোগ তুলে ধরেন রিজভী। 

তিনি বলেন, দিনাজপুরের বিরামপুর, যশোর, সাতক্ষীরার কলারোয়া, ফরিদপুরের নগরকান্দা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, কুমিল্লার লাকসাম, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, বগুড়ার আদমদিঘী, ঢাকার সাভার, খাগড়াছড়ির মাটিরাঙ্গাসহ বিভিন্ন পৌরসভায় তার দলের প্রার্থীর নির্বাচনী প্রচারে ‘হামলা’, পোস্টার ছিঁড়ে ফেলা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

“পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তীব্রতম করা হয়েছে সন্ত্রাস। ধানের শীষের প্রার্থীর প্রচারের মাইক ভেঙে দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পথসভার স্থানে ককটেল বিস্ফোরণ করে হামলা চালানো হচ্ছে, ‍মুখোশ পরে ধানের শীষের প্রার্থী ও তার কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা বা হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হচ্ছে।

“কেবল তাই নয়, বিভিন্ন পৌর এলাকায় শাসকদলের নেতারা বলে বেড়াচ্ছেন- যে ভোট গ্রহণই হোক না কেন, গণনা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। ভোটারদের ভয়-ভীতি দেখাতে নানা ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্য তারা দিচ্ছে।”

সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে উদ্ধৃত করে রিজভী বলেন, “রাজধানীর বেশ কয়েকটি পেশাদার সন্ত্রাসী গ্রুপকে নির্বাচনী এলাকাগুলোতে ভাড়ায় নিয়োজিত করা হয়েছে। সংবাদপত্রে এমন খবরও প্রকাশিত হয়েছে যে, জেলখানায় বসে কোনো কোনো শীর্ষ সন্ত্রাসী চুক্তি করছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের সঙ্গে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “কমিশন সরকারের আদরের দুলালের ন্যায় ভূমিকা পালন করছে। তাদের নির্লিপ্ত আত্মার বন্ধন মোচন করতে পারছে না। যার কারণে নির্বাচনী এলাকাগুলোতে রক্তঝরা সন্ত্রাস-সংঘাতের ক্রমবর্ধমান বিস্তার রোধ করতে পারছে না।”

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়ে’ জনমনে আস্থা সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রিজভী।

অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার ও তাইফুল ইসলাম টিপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।