একুশে অগাস্ট মামলায় সাবেক সেনা কর্মকর্তার সাক্ষ্য
একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ইসমাইল ফারুক চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।
জবানবন্দি শেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইসমাইলকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।
জেরা শেষে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ঠিক করেন বিচারক।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়; আহত হন কয়েকশ নেতাকর্মী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ওই সময় সেনাবাহিনীর ১৪ নম্বর স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ইসমাইল ফারুক চৌধুরী গ্রেনেড হামলার ঘটনায় দায়ের দুই মামলার ২০৪ নম্বর সাক্ষী।
জবানবন্দিতে ইসমাইল ফারুক বলেন, একুশে অগাস্ট গ্রেনেড হামলার পর তার নির্দেশে মিলিটারি অপারেশনস (এমও) পরিদপ্তর থেকে বঙ্গবন্ধু এভিনিউতে বোমা নিষ্ক্রিয় দল পাঠানো হয়। তার পাঠানো দলে সাত থেকে আটজন সদস্য ছিলেন।
প্রথম দিন ২১ অগাস্টের রাতে বঙ্গবন্ধু এভিনিউ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত গ্রেনেড তার নির্দেশে ধ্বংস করা হয়।
পরের দিন তার পাঠানো দল কেন্দ্রীয় কারাগার এবং গোলাপ শাহ মাজারের কাছের মার্কেটের টয়লেট থেকে দুইটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে, যা সেনাবাহিনী সদর দপ্তরে সাংবাদিকদের প্রদর্শনী আকারে দেখানোর পরে ধ্বংস করা হয়।
সাক্ষ্যগ্রহণের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের আদালতে হাজির করা হয়।
জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
