ঢাকায় গ্রেপ্তার জামায়াত নেতাকে নোয়াখালী পুলিশে হস্তান্তর
দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে (৫০) নোয়াখালীর সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাতে তাকে হস্তান্তর করা হয় বলে জানান ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুধারাম পৌর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে।
তিনি বলেন, মেজবাহ উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ১৮টি মামলায় পরোয়ানা পাওয়া গেছে। পুলিশ তাকে খুঁজছিল। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে রয়েছেন।
ধানমন্ডি থানার ওসি হেলাল বলেন, গোপন সংবাদে শিব্বির মাহমুদের বাড়ি থেকে রোববার মাঝরাতে মেজবাহকে গ্রেপ্তার করা হয়। বাড়ির সাততলায় চিলেকোঠায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
“রাতেই মেজবাহকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হলেও তার সহযোগী কাউকে পাওয়া যায়নি।”
তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার অধিকাংশই নাশকতা ও দ্রুত বিচার আইনে করা বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার।
