পৌর ভোটে না গেলে জঙ্গি দল বানিয়ে ফেলত: ফখরুল
আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জঙ্গি দলের তকমা এড়ানোকে কারণ হিসেবে দেখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“না গেলে তো শাসক দল বিদেশিদের বলবে, জঙ্গি সংগঠন বলে তারা নির্বাচনেও গেল না। মজার ব্যাপার হল, বিদেশিরা সেটা বিশ্বাসও করে নেবে।”
২৩৪ পৌরসভায় ভোটের ১৩ দিন আগে বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন বিএনপির মুখপাত্র।
বিএনপিকে ‘সন্ত্রাসী ও জঙ্গি দল’ বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
দলীয় প্রতীকে পৌর নির্বাচনে এলেও এই নির্বাচন নিয়ে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি।
সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করে ফখরুল বলেন, “দলীয় প্রতীকে এবার পৌরসভা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য একটাই- দেশের জনপ্রিয় প্রতীক ‘ধানের শীষ’কে পরাজিত দেখাতে পারলে অনেক সুবিধা পাওয়া যাবে। শাসক দলের এরকম পরিকল্পনার পরও আমরা নির্বাচনে নেমেছি।
“আমরা মানুষের অধিকার রক্ষা করতে গণতান্ত্রিক পরিস্থিতিতে নির্বাচন করতে চাই। সেটাকে রক্ষা করার জন্য আমরা এই নির্বাচনে গেছি।”
জঙ্গিবাদের বিষয়টিকে ‘হালকাভাবে’ না দেখার আহ্বান জানিয়ে তা প্রতিরোধে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আবারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
জঙ্গিবাদ ও উগ্রবাদের বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “এদিকে বার বার করে বলা হচ্ছে, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) কাজ করছে। সরকার অস্বীকার করেছে।
“মজার ব্যাপার হলো কোর্টে আবার চারজনের বিচার চলছে আইএসে হিসেবে। কিশোরগঞ্জ থেকে চার কিশোরকে আটক করে তাদের বিচার করা হচ্ছে। এটা পুরোপুরি কনট্রাডিকটরি। এটা স্ববিরোধী অবস্থান।”
জঙ্গি দমনের নামে আইনশৃঙ্খলা বাহিনী ‘গল্প’ তৈরি করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “জঙ্গি অপহরণ হলো ত্রিশালে প্রিজন ভ্যান থেকে। এরপর একজনকে ধরার পর তাকেও ক্রসফায়ারে হত্যা করা হল।
“ভেরি ইন্টারেস্টিং। আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন, এসব ব্যাপারে তারা অত্যন্ত পারঙ্গম, এফিশিয়েন্ট। এসব ব্যাপারে নতুন নতুন গল্প তৈরির ব্যাপারে। সেই গল্প প্রেস কনফারেন্স করে অভিযুক্তদের বুকের মধ্যে নাম-টাম লিখে দিয়ে গণমাধ্যমের কাছে হাজির করা হচ্ছে।”
গণমাধ্যমে বিএনপি গুরুত্ব ‘পাচ্ছে না’
বিএনপিকে দেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ বিরোধী দল দাবি করে দলটির সংবাদ গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “বিএনপির কার্য্ক্রম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যকে পেছনের পাতা অথবা ভেতরের পাতায় নিয়ে যাওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? এটা কি নির্দেশিত, না সেলফ ইমপোজড? তা জানা দরকার।”
গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কি না- এ প্রশ্ন রেখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “স্বাধীন মিডিয়া কোথায়? আপনারা কি স্বাধীন পরিবেশে কাজ করতে পাচ্ছেন? বাস্তবতাটা কী?
“যে কোনো গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র টিকে থাকতে হলে প্রয়োজন একটা মুক্ত গণমাধ্যম। দুর্ভাগ্যজনক হলেও সত্য গণমাধ্যমের স্বাধীন ভূমিকাটি এখন নেই।”
সাংবাদিক সমাজে বিভক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারা বলেছেন, আজকে আপনাদের বিএফইউজে ও ডিইউজের অফিস দখল করে নিয়েছে। জাতীয় প্রেস ক্লাব দখল হয়ে গেছে। এসব দখল করতে সাহায্য করেছে কারা? আপনাদের মধ্য থেকে কিছু মানুষ করেছে। এরা বরাবরই থাকে, এতে চিন্তিত হওয়ার কারণ নেই। এটাকে ইগনোর করা উচিত।
“আপনারা আপনাদের শক্তিতে বলীয়ান হয়ে সকল গণতান্ত্রিক শক্তি ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবেন- এটাই জাতির প্রত্যাশা।”
বর্তমান সরকারের আমলে বিভিন্ন গণমাধ্যম বন্ধ হওয়ায় অনেক সাংবাদিক বেকার হয়েছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আবদুস সালাম, আহমেদ হুমায়ুন, আনোয়ার জাহিদ, ফয়েজ আহমেদ, নির্মল সেন, আতাউস সামাদ, এবিএম মূসা, গিয়াস কামাল চৌধুরীসহ যারা ‘গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা’ রেখেছেন তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
সম্মেলনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলন ডিইউজের সভাপতি পদে আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম প্রধানকে পুনরায় নির্বাচিত ঘোষণা করেন।
পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি খন্দকার হাসনাত করিম, খুরশীদ আলম, সৈয়দ আলী আসফার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হাসনত, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিক মুহাম্মদ, প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এসএম আলমগীর, জনকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এবং দপ্তত সম্পাদক এরফানুল হক নাহিদ।
নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- জসিম মেহেদি, জাহিদুল ইসলাম রনি, মীর মোহাম্মদ মীরু, মুহাম্মদ আনোয়ারুল হক, আমিনুল ইসলাম, মেহেদি মাসুদ, শাহ আলম নুর ও এম শাখাওয়াত হোসেন মুকুল।
