পৌর ভোটে যুবলীগের ৩০ টিম
পৌরসভা নির্বাচনে ৩০টি দলে ভাগ হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
পৌর ভোট নিয়ে কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় তিনি এই নির্দেশ দেন বলে মঙ্গলবার রাতে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হবে। স্থানীয় সরকার আইন সংশোধন হওয়ায় এবারই প্রথম দলীয় ভিত্তিতে মেয়র পদে নির্বাচন হচ্ছে।
যুবলীগের ২৪১ জন কেন্দ্রীয় নেতা ৩০টি টিমে বিভক্ত হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন এবং ও প্রচার কাজ সমন্বয় করবেন বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় টিমের কোনো সদস্য কোনো কাউন্সিলরের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে যুবলীগ চেয়ারম্যান জানিয়েছেন।
মেয়র পদে দলীয় ভিত্তিতে ভোট হলেও কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোট হবে।
