২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডেকেছেন খালেদা

পৌর নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 10:04 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের এ বৈঠকে ডাকা হয়েছে। চেয়ারপারসন বৈঠকে সভাপতিত্ব করবেন।”

বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। ওই বৈঠকে পৌর নির্বাচন তদারকির জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটি এবং বিভাগীয় পর্যায়ে সাতটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এ নির্বাচনে বিএনপি ২৩৪টি পৌরসভার মেয়র পদের মধ্যে ২৩১টিতে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে।

গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থায়ী কমিটি অত্যন্ত আশঙ্কার সঙ্গে মনে করছে, পৌর নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য অংশগ্রহণ করেছে।

“সভা আরও মনে করে, সারাদেশে গণগ্রেপ্তার বন্ধ করা না হলে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে কোনোমতেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে না; নির্বাচন সুষ্ঠুও হবে না।”

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশে এ পর্যন্ত এক হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করে আসছে।