২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতৃত্বে আসছেন কি না, এখনই জবাব নেই জয়ের

আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন কি না- সে বিষয়ে এখনই নিশ্চিত নন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:59 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

আসুন দেশের স্বার্থে এক হই: জয়
আওয়ামী লীগের সদস্য হলেন জয়
জয়কে অবৈতনিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাইদুজ্জামান ইভান নামের একজন জয়কে প্রশ্ন করেন, “আপনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। আগামীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্বে আসার সম্ভাবনা আছে কি?”

জবাবে মৃদু হেসে জয় বলেন, “এই প্রশ্নের জবাব এখন দিতে পারব না।”

সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ‘জাতীয় ঐক্যের ডাক, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়। পরে কয়েকজনের প্রশ্নের উত্তর দেন তিনি।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয়কে আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য করা হয়। ২০১৪ সালের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ পান তিনি।

ফেইসবুক বন্ধ থাকায় চলতি বছরের প্রাথমিক ও ইবেতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি- মন্তব্য করে একজন জয়ের কাছে জানতে চান, অন্য পাবলিক পরীক্ষার সময়েও ফেইসবুক বন্ধ রাখা হবে কি না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, “ফেইসবুকের মাধ্যমে প্রশ্ন ছড়াতে পারেনি। তবে অন্যভাবেও প্রশ্ন ছড়ানোর সুযোগ আছে। ফেইসবুক বন্ধ করলেই যে প্রশ্ন ফাঁস হবে না তার নিশ্চয়তা নেই।”

আরেকজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত।

বাকী বিল্লাহ নামের এক তরুণ আলেম জয়ের কাছে জানতে চান, যেসব মাদ্রাসায় বিজয় দিবসেও জাতীয় পতাকা ওড়ে না সেসব মাদ্রাসার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না।

জবাবে জয় বলেন, “অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানান ইমরান খান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

সংবিধানে স্লোগান থাকে না মন্তব্য করে ‘জয় বাংলা’ স্লোগান বেশি বেশি বলার পরামর্শ দেন জয়।

‘সুচিন্তা বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত বিটিভির অধিবেশন ‘জয় বাংলা’ বলে শেষ করার প্রস্তাব করেন।

জয় বলেন, “এটা অবশ্যই হওয়া উচিত। তথ্যমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে কথা বলতে হবে। বিটিভি জয় বাংলা বলে শেষ হবে ন কেন?”