রংপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার রংপুর টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জয়কে সদস্যপদ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ।
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এতথ্য নিশ্চিত করেছেন।
সদস্যপদ দেওয়ার সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সি এমপি, অ্যাডভোকেট ফজলে রাব্বি এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়ের পক্ষে আওয়ামী লীগের সদস্যপদ ফরম (নম্বর ১১২৩২০১) পূরণ করেন হানিফ।
এরপর তিনি তা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহাম্মদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজু ও মোছাদ্দেক হোসেন বাবলুর হাতে দেন।
রেজাউল করিম রাজু এ বিষয়ে বলেন, "জয় রংপুরের সন্তান। আমরা চাই জয় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সদস্য হয়ে রংপুরের অবহেলিত মানুষের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।"
বর্দ্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নবায়ন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সি এমপি, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীন নেতা শাহ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহাম্মেদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রাজু ও মোছাদ্দেক হোসেন বাবলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৬ ঘ.
bdnews24