২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত রিজভী

দশ মাস মাস পর জামিনে ছাড়া পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:02 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সোমবার বিকাল ৫টায় উচ্চ আদালতের জামিনের কাগজপত্র কাশিপুর কারাগারে পৌঁছালে তিনি মুক্ত হন।

কারাগার থেকে বেরিয়ে রিজভী শ্যামলীর নিজ বাসার দিকে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির লাগাতার অবরোধের মধ্যে আত্মগোপনে থাকা রিজভীকে ৩০ জানুয়ারি গভীর রাতে বারিধারার এক বাসা থেকে আটক করে র‌্যাব।

এর আগে বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে রিজভী ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তাকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান তিনি।

এর পর থেকে গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন বিএনপির এই নেতা।

তিন মাসের কর্মসূচিতে সারা দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রুহুল কবির রিজভীকে ৩৬টি মামলায় আসামি করা হয়, যেগুলোতে ত্রিশ দিনের বেশি সময় তাকে রিমান্ডে রাখে পুলিশ।

এর আগে ২০১৩ সালে ৩০ নভেম্বর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ রিজভীকে গ্রেপ্তার করেছিল।