২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কথায় কথায় বহিষ্কার’ না বলার পরামর্শ সুরঞ্জিতের

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ‘কথায় কথায় বহিষ্কার’ না বলে তাদেরকে বোঝানোর পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগ নেতাদের বলি, কথায় কথায় বহিষ্কার … করবেন না।”

পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের ‘বিদ্রোহী প্রার্থীরা’ নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বহিষ্কার করা হবে বলে শুক্রবার হুঁশিয়ার করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যদি কেউ ১৩ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত।

হানিফের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য আরও বলেন, “আস্তে, আরে বাবা একটু সময় দিবেন তো, আমরা তো আগেও এ ধরনের নির্বাচন করছি।

“আস্তে আস্তে নিজেরাও (বিদ্রোহী প্রার্থীরা) বুঝবে, বোঝানোর জন্য দল পাঠাতে হবে। আমার ধারণা এটা (বিদ্রোহী প্রার্থী) অনেক কমে যাবে।”

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এ নির্বাচন হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার।

আওয়ামী লীগের পক্ষ থেকে ইসিতে দল মনোনীত মেয়র প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলেও দিন শেষে দেখা যায়, অনেক পৌরসভায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক স্থানীয় নেতা।