ফের কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহিম
আবারও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের জাতীয় কাউন্সিল ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি নিজে নতুন কমিটি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত মহাসচিব এমএম আমিনুর রহমান নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন।
নতুন স্থায়ী কমিটির সদস্যরা হলেন- ইকবাল হাসান মাহমুদ, তাহির মাহমুদ, আজাদ মাহমুদ ও মিসেস ফোরকান ইব্রাহিম।
ভাইস চেয়ারম্যানরা হলেন- প্রকৌশলী ফরিদ খান, মতিউর রহমান, সৈয়দ মো. মঞ্জুর ইসলাম, বনি আমিন, মুহাম্মদ ইলিয়াছ, সাহিদুর রহমান তামান্না, বদরুদ্দোজা রসুল বাবলা ও নুর উদ্দিন।
চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ফেরদৌস আজিজ, অধ্যাপক এমএ মোনায়েম, প্রকৌশলী হুমায়ুন কবীর ও অধ্যাপক রমিত আজাদ।
সকাল সাড়ে ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে এবং রঙিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সেনা কর্মকর্তা ইবরাহিম।
২০০৭ সালের ১১ জানুয়ারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কল্যাণ পার্টি জন্ম নেয়। দলটি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক হিসেবে রয়েছে।
কল্যাণ পার্টির কাউন্সিল অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান অংশ নেন।
পৌর নির্বাচনের প্রসঙ্গে টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ও ২০ দলীয় জোটের ‘সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের’ নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে তাদের সরিয়ে রেখেছে পুলিশ।
“অনেক জনপ্রিয় প্রার্থী গতকাল ভয়ে-আতঙ্কে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। এটা কী ধরণের নির্বাচন আমরা দেখতে যাচ্ছি?”
পৌরসভার ভোট সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে হাফিজ বলেন, “ঢাকা সিটি করপোরেশনে যেভাবে ভোট হয়েছে, আগামী পৌরসভা নির্বাচনেও সেভাবে হবে।
“এ ব্যাপারে সকল প্রকার কৌশল, ষড়যন্ত্র ও পরিকল্পনা সব কিছুই করা হয়েছে। এটি বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন ও বর্তমান প্রশাসনের সহায়তায় একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে।”
