২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মুক্তি দাবি

সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি চেয়েছেন তার অনুসারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 12:04 AM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি তোলা হয়।

নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম বলেন, বিএনপি ক্ষমতায় এলেও মান্নাকে সহজে ছেড়ে দেবে না। কারণ তার নেতৃত্বেই তৃতীয় রাজনৈতিক শক্তি দানা বেঁধে উঠেছিল।

“মান্নার আটক হওয়া বিচ্ছিন্ন বা সাধারণ কোনো ঘটনা নয়। তাকে গ্রেপ্তার করে রাজনীতির গণতন্ত্রকে থামিয়ে দেওয়া হয়েছে।”

মান্নার অনুপস্থিতিতে তার ‘কাজকে’ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মান্নাকে ছাড়াও যদি তা করতে হয় তবে তা-ই করতে হবে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”

২০১২ সালে নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের ঘোষণা দেন মান্না। নাগরিক সংগঠন হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করলেও পরের রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠার তৎপরতায় রয়েছে।

টেলিফোন কথোপকথনে সরকার উৎখাতে সামরিক হস্তক্ষেপে আগ্রহ এবং বিশ্ববিদ্যালয়ে লাশ চাওয়ার বিষয়টি ফাঁসের পর গত ২৪ ফেব্রুয়ারি মান্নাকে আটক করা হয়। দুই দফা রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।

নাগরিক ঐক্যের সদস্য ফজলুল হক বলেন, “তৃতীয় রাজনৈতিক শক্তি গঠন করে মান্না যখন মানুষের ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ পৌঁছানোর কাজে লিপ্ত হয়েছেন তখনই তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আগামী বিজয় দিবসের আগেই মান্নাকে ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নইলে কঠোর কর্মসূচি দেব।”

অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লা কায়সার ও বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বক্তব্য রাখেন।

পুরনো খবর:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না ‘আটক’
কথোপকথন ফাঁস: বিশ্ববিদ্যালয়ে লাশ চান মান্না
ফাঁস কথোপকথন: ‘জেনারেলদের সঙ্গে বৈঠকে আগ্রহী মান্না’
সংলাপ, নয়তো ওয়ান-ইলেভেন: মান্না